যশোরের চৌগাছায় 'আর্মি অফিসার' পরিচয় দিয়ে জীবন চৌধুরী নামের এক যুবকের বিরুদ্ধে সীমাহীন প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। মিথ্যে তথ্য দিয়ে দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করার পাশাপাশি ১১ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে সে। পরবর্তীতে ব্যাপক খোঁজাখুঁজির পর 'আর্মি অফিসার' পরিচয়দানকারী যুবকের ঠিকানা মিলেছে। সে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী খাদিজা বেগম অসুস্থ হয়ে ২০১৭ সালে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। মায়ের শুশ্রুষার জন্য স্থানীয় মুক্তিনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সোনিয়া খাতুনও হাসপাতালে অবস্থান করে। এই অবস্থায় তাদের সাথে এক যুবকের পরিচয় ঘটে। নিজের নাম বলে জীবন চৌধুরী। এ ছাড়া নিজেকে 'আর্মি অফিসার' হিসাবে পরিচয় দেন। যশোর সেনানিবাসে চাকরি করছেন বলেও জানান।

পরিচয়ের সূত্র ধরে তিনি সোনিয়াদের বাড়িতে যাতায়াত করা শুরু করেন। একপর্যায়ে তাদের পরিবারে সোনিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে জীবন মাহমুদ সোনিয়ার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের সূত্র ধরে সেনাবাহিনীতে চাকরি দেবার নাম করে শ্বশুর বাড়ির নিকট আত্মীয়র নিকট থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নেয়। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭৪৫৫১৯১৫৪, ০১৭৬৮৩০১৭০১, ০১৭২১৬৯১৫৪৩ ফোন নম্বরগুলো বন্ধ। সোনিয়ার পিতা আনিছুর রহমান মেয়ের এমন সংবাদে মালয়েশিয়া থেকে ফেরত আসেন। ফেরত এসে জীবন মাহমুদের বিষয়ে খোঁজখবর নিলে প্রতারণার বিষয়টি সামনে চলে আসে।

আনিছুর রহমান জানান, ছেলেটি আর্মি অফিসার পরিচয় দেয়। প্রথমে তার বাড়ি ঠিকানা জানায় যশোর ধর্মতলায়। সেখানে তার কোনো বাড়ি নেই। এ ছাড়া বিয়ের যে কাবিননামা করা হয়েছে তা ভুয়া। তার প্রকৃত নাম জীবন চৌধুরী। হিন্দি ছবির নায়ক সালমান খানে একটি ডিফেন্স পোশাক পরিহিত ছবিতে ওই ছেলে মাথা লাগিয়ে (এডিটিং করা) আমাদের বোকা বানিয়েছে।

তিনি বলেন, বহু কষ্টে বিভিন্ন স্থানে ছুটাছুটি করে তার ঠিকানা পেয়েছি। সম্পূর্ণ প্রতারণা করা হয়েছে। তার বাড়ি মহেশপুরের ধান্যহাড়িয়া গ্রামে গেলে পরিবারের লোকজনও র‌্যাব-পুলিশের ভয় দেখিয়ে বাড়ি থেকে আমাকে বের করে দেয়। আমি এ বিষয়ে আদালতের শরণাপন্ন হব। থানার ওসি রিফাত খান রাজিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি এ ধরনের কোনো অভিযোগ এখনো পায়নি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।