• ই-পেপার

হবিগঞ্জে ‘কৃমিনাশক’ খেয়ে ভাই-বোনের মৃত্যু, আশঙ্কাজনক এক ভাই

সিংড়ায় মৎস্যচাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়ায় মৎস্যচাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়)’  আওতায় প্রদর্শনীতে মৎস্যচাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. মিলন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ৭ জন সুফলভোগীর মাঝে মাছের খাদ্য, পোনামাছ ও অ্যারেটর বিতরণ করা হয়।

মীরসরাই

পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের হাদী ফকিরহাট বাজারের পূর্ব পাশে অবস্থিত একটি পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা পাহাড়ের চূড়ায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন ভবঘুরে প্রকৃতির ছিলেন। উদ্ধারকালে তার শরীরে কোনো পোশাক ছিল না। তবে সুরতহালে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘উদ্ধার হওয়া ব্যক্তির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।’

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সির অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত অনিক দড়িগাঁ এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং নাজিম উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে এলাকার বাইরে ছিলেন আলাল মুন্সি ও জবা মেম্বার। মঙ্গলবার ভোরে স্পিডবোটে নিলক্ষা ইউনিয়নে প্রবেশ করে ভাড়াটিয়া অস্ত্রধারীদের সহযোগিতায় নাজিম উদ্দিনের অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালায় আলাল মুন্সির অনুসারীরা। এর জেরে নাজিম উদ্দিনের সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শুরু হওয়া সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে হরিপুর ও দড়িগাঁ এলাকায়। ভোর থেকে শুরু হয়ে কয়েক দফায় চলা সংঘর্ষ সকাল সাড়ে ১০টা পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় মাথায় গুলিবিদ্ধ হন অনিক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন বকুল মিয়ার ছেলে রাজু (২৮) এবং অহিদ মিয়ার ছেলে মোস্তফা (৬০)। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের দাবি, গত বছরের ৮ ডিসেম্বর আলাল মুন্সি ও নাজিম উদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া নামে এক প্রবাসী নিহত হন। নিহত মামুন নাজিম উদ্দিনের অনুসারী ছিলেন। স্থানীয়দের দাবি, ওই ঘটনার জের ধরেই মঙ্গলবার দুই পক্ষের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, বর্তমানে এলাকায় গোলাগুলি বন্ধ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি অভিযান চলছে। অভিযুক্তরা পলাতক।

রায়পুরা থানা পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, পূর্ববিরোধের জেরে নাজিম উদ্দিন ও আলাল মুন্সি পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কক্সবাজার

নিখোঁজের ৪৫ ঘণ্টা পর ডোবা থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
নিখোঁজের ৪৫ ঘণ্টা পর ডোবা থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজ হওয়ার ৪৫ ঘণ্টা পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাতটার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ফজুমিয়াজির চরের পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু পূর্ব বড়ভেওলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের মো. তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ওই ডোবা থেকে সকাল ৯টার দিকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরিবার ও স্থানীয়রা জানান, শিশু ওয়াহিদুল নিখোঁজ হওয়ার পরপরই তাকে হত্যা করা হয়েছে। এরপর মরদেহ পরিত্যক্ত ডোবার ময়লা পানিতে ফেলে দেওয়া হয়। এই কারণে মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। 

শিশুর বাবা ইজিবাইক (টমটম) চালক তৌহিদুল ইসলাম লিটন জানান, তার সন্তান মাইজপাড়া নূরানী মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত। রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে চারটার দিকে মাদরাসায় পড়াশোনা শেষ করে বাড়ি ফেরার সময়ই নিখোঁজ হয় সে। এরপর বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার হদিস মিলছিল না। ৪৫ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন পাশের চার নম্বর ওয়ার্ডের ফজুমিয়াজির চরের পরিত্যক্ত ডোবার ময়লা পানিতে ওয়াহিদুলের মরদেহ ভাসতে দেখে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মাসুদ জানান, এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর সন্দেহ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। আশা করছি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ শিশুর প্রতি বর্বরোচিত এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্তপূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হবে। 

কক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস বলেন, ‘খবর পেয়ে পুলিশ নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ মাঠে রয়েছে।’