নদীভাঙনে বসতবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করা পরিবারগুলোর মুখে স্বস্তির হাসি ফোটাতে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি গ্রুপ)। মানিকগঞ্জ-১ আসনের শিবালয়, ঘিওর ও দৌলতপুরে পদ্মা-যমুনাসহ বিভিন্ন নদীতে ভাঙনকবলিতরা এ সহায়তা পাচ্ছে।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার পাটুরিয়া ঘাটসংলগ্ন তেঘরী এলাকায় পদ্মা নদীর পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ্ কবির। এ সময় অর্ধশতাধিক পরিবারের হাতে চাল, তেল, ডাল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে ১২০০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী দেওয়া হবে।
সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির কালের কণ্ঠকে বলেন, ‘আনভীর বসুন্ধরা (এবিজি) গ্রুপ সারা দেশে মানবিক কাজগুলো করে থাকে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে এই গ্রুপটি দেশের দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে।’
জিন্নাহ কবির বলেন, ‘আমার নির্বাচনী এলাকা নদীভাঙন অঞ্চল। নদীভাঙনে শিকার হয়ে প্রতি বছর শত শত মানুষ গৃহহীন ও অসহায়ত্বের মধ্যে জীবন যাপন করে। বিষয়টি মানবিক—এ বিষয়টি গ্রুপটিকে জানালে তারা আমাকে ভুক্তভোগীদের লিস্ট করতে বলে। পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রাথমিকভাবে ১২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়। এর অংশ হিসেবে আজকে পাটুরিয়া ঘাটের পূর্ব পার্শ্ববর্তী পদ্মায় ভাঙনের শিকার পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, দুই কেজি তেল, ডাল ও লবণ। পর্যায়ক্রমে বাকি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে।’
খাদ্যসামগ্রী পাওয়া কয়েকজন বলেন, ‘আমাদের ঘরবাড়ি অনেকটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই কষ্টের সময় এবিজি গ্রুপ খাদ্যসামগ্রী দিল। অসহায়ের সময় এই সহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হলো। আল্লাহর কাছে গ্রুপের মালিকের জন্য দোয়া করি। তিনি যেন এভাবে আমাদের মতো অসহায় ও দরিদ্র মানুষের পাশে সব সময় থাকেন। সৃষ্টিকর্তা তাকে সব সময় ভালো রাখুক।’
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




