• ই-পেপার

নান্দাইলে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গলাচিপায় গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
সংগৃহীত ছবি

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন লালু হাওলাদার (৩২), মাহিন (২২) ও মনিরুজ্জামান (৫২)। তারা এই উপজেলার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযান চলাকালে গাঁজাসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা মাদক বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন।’

মুরাদনগরে ব্যবসাপ্রতিষ্ঠানে বখাটেদের হামলা, অতিষ্ঠ এলাকাবাসী

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মুরাদনগরে ব্যবসাপ্রতিষ্ঠানে বখাটেদের হামলা, অতিষ্ঠ এলাকাবাসী
সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১ নং বাবুটিপাড়া ইউনিয়নের নোয়াপুস্কুনী এলাকায় এক ব্যবসায়ীর দোকানে সংঘবদ্ধ হামলা, মারধর, ভাঙচুর, মালামাল লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজন বখাটের বিরুদ্ধে। এ ছাড়া এসব বখাটেদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। 

এ ঘটনায় বখাটে আব্দুল মান্নান (৪০), খালেক শেখ (৪৮) ও স্বপন শেখ (২৩)-কে নামীয় আসামি এবং আরো ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত ব্যবসায়ী মো. নুর উদ্দিন ভূঁইয়া প্রকাশ মাঈন উদ্দিন। অভিযোগপত্রে ঘটনার ১০ জন সাক্ষীর নামও উল্লেখ রয়েছে। অভিযোগকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতার শঙ্কা দেখা দিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যেদের।

অভিযোগকারী মাঈন উদ্দিন জানান, গত ৩ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে নোয়াপুস্কুনী দাখিল মাদরাসার সামনে অবস্থিত তার ‘রায়হান কম্পিউটার’ দোকানের সামনে এলাকার পূর্বের খেলাকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি তাকে আটকে রাখেন। খবর পেয়ে তার দুই ভাই ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত বখাটারে কাঠের রোল, বাঁশ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে নুর উদ্দিনসহ তার দুই ভাই আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় অভিযুক্তরা দোকান বন্ধ করতে বাধা দেয়। এসময় তারা দোকানের চাবি নিয়ে যায় এবং দোকানে থাকা প্রায় ৫০ হাজার টাকা নগদ অর্থ ও কম্পিউটারসহ আনুমানিক আড়াই লাখ টাকার মালামাল ভাঙচুর ও লুটে নেয়। ঘটনার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মাঈন উদ্দিনের বড় মাদ্রসা শিক্ষক মো. রায়হান উদ্দিন ভূঁইয়া বলেন, ‘এ ধরনের উগ্র ও বখাটে লোকজনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষিত পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। গ্রামের শান্তি-শৃঙ্খলা ও সামাজিক ভারসাম্য ফিরিয়ে আনতে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত স্বপন শেখের মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি সাংবাদিক পরিচয় পেয়েই কোনো মন্তব্য করতে রাজি হননি এবং ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষটি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ 

যশোরে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল রাজমিস্ত্রির

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল রাজমিস্ত্রির
ছবি : কালের কণ্ঠ

যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পর্শে জুয়েল মোল্যা (৩৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

মৃত জুয়েল মোল্যা উপজেলার সিরাজকাটি গ্রামের বদিয়ার মোল্যার ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

মৃত জুয়েল মোল্যার সহকর্মী জয়নাল হোসেন জানান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রধান গেটের নির্মাণ কাজ চলাকালে রাজমিস্ত্রি জুয়েল মোল্যা পল্লী বিদ্যুতের হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় গেটের ওপর থেকে ছিটকে মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মরিয়াম মুনমুন বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মোল্যা নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাঙামাটিতে মাহিন্দ্রা-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৭

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙামাটিতে মাহিন্দ্রা-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৭
সংগৃহীত ছবি

রাঙামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আসলাম (২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরো সাতজন আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ আটজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লংগদুর রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দায়িত্বরত চিকিৎসক তাদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছর বয়সী শিশু আসলাম মারা যায়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতিতে আসা অটোরিকশাটি একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। তবে মাহিন্দ্রা থাকা যাত্রীরা অক্ষত ছিলেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় সচেতন মহল সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, লংগদু উপজেলায় মাহিন্দ্রা, অটোরিকশা ও মোটরসাইকেলের অনেক চালক অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ। নিয়মিত তদারকির অভাবে এমন দুর্ঘটনা বাড়ছে বলে তারা মনে করেন। দক্ষ ও লাইসেন্সধারী চালকদের মাধ্যমে যানবাহন পরিচালনা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।