দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল ১ জুলাই বুধবার পালিত হবে ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, অভিভাবক এবং কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রা এবং শিক্ষা ও গবেষণার আধুনিকায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে দিবসটি উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ দিবসটি উদযাপন উপলক্ষ্যে গঠিত বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিবরা। সভায় দিবস উদযাপনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
প্রাতঃকালে সমাবেশ ও শোভাযাত্রা
১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। দিবসটি উপলক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। সেখান থেকে সকাল পৌনে ১০টায় উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যাতে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন করা হবে এবং কেক কাটা হবে। এ সময় সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত, বিশ্ববিদ্যালয়ের থিম সং এবং রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশিত হবে। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে আরেকটি সংগীত পরিবেশনারও আয়োজন থাকছে।
সকাল সাড়ে ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যাতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। সভায় সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।
এ দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আগামীকাল বিকাল ৩টায় অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখবেন অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
নিয়ন্ত্রিত থাকবে যানবাহন প্রবেশ
নিরাপত্তার স্বার্থে আগামীকাল দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। এ সময় শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহ ও অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি যানবাহন ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ের সড়ক উন্মুক্ত থাকবে, যদিও গণপরিবহন ও ভারী যানবাহন চলাচল সার্বক্ষণিকভাবে নিয়ন্ত্রিত থাকবে।




