• ই-পেপার

বরেন্দ্র সভ্যতার ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীরা সুনাগরিক হয়ে উঠবে : ভূমিমন্ত্রী

পরিবেশবান্ধব জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বাকৃবিতে প্রশিক্ষণ

বাকৃবি প্রতিনিধি
পরিবেশবান্ধব জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বাকৃবিতে প্রশিক্ষণ
ছবি: কালের কণ্ঠ

নিরাপদ সবজি উৎপাদনে পরিবেশবান্ধব জৈব বালাইনাশকের ব্যবহার সম্প্রসারণ এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের এমএস শ্রেণিকক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়।

‘ডেভেলপমেন্ট অব কমার্শিয়াল বায়োপেস্টিসাইড বেইজড অন নেটিভ এনটোমোপ্যাথোজেনিক ফাঙ্গাই (ইপিএফ) ফর সেইফ ভেজিটেবল প্রোডাকশন থ্রু একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রকল্পটি হিট-এটিএফের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কৃষ্ণা রানী দাস। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের সাব-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার।

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, কৃষির উন্নয়নে উদ্ভাবনী গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণার ফলাফল তখনই অর্থবহ হয়, যখন তা কৃষকের কাছে সহজলভ্য, নির্ভুল ও ব্যয়-সাশ্রয়ী প্রযুক্তি হিসেবে পৌঁছায়। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণ গবেষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার মানোন্নয়ন এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহ জোগাবে।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি প্রকল্প। দেশীয় কৃষিপণ্য ও প্রযুক্তির উন্নয়নে আরো বেশি গবেষণা প্রয়োজন। দেশীয় উপাদান ব্যবহার করে জৈব বালাইনাশক উৎপাদনে গবেষকদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে যদি কার্যকর কোনো জৈব বালাইনাশক উদ্ভাবন করা সম্ভব হয়, যা রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে, তাহলে তা দেশের কৃষিখাতের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের জন্যও গৌরব বয়ে আনবে।

সার্টিফিকেটে তথ্য সংশোধনে ইচ্ছুকদের সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক
সার্টিফিকেটে তথ্য সংশোধনে ইচ্ছুকদের সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড
সংগৃহীত ছবি

সার্টিফিকেটে নাম, জন্মতারিখ বা অভিভাবকের তথ্য সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি চললেও এ সুযোগে সক্রিয় হয়ে উঠেছে দালালচক্র। দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ অবস্থায় কোনো মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করে সরাসরি বোর্ডের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শনিবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Dhaka

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নিজের নাম, মা-বাবার নাম এবং জন্মতারিখ বা বয়স সংশোধন সংক্রান্ত আবেদনের দ্রুত নিষ্পত্তি কার্যক্রম চলমান রয়েছে। গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট আবেদনগুলোও অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে।

তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র দ্রুত আবেদন নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে। এতে অনেক আবেদনকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
 
এ অবস্থায় সব আবেদনকারীকে সতর্ক করে বলা হয়েছে, কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করতে এবং কাউকে কোনো ধরনের অর্থ না দিতে। আবেদন সংক্রান্ত সমস্যা, তথ্য বা সহযোগিতার জন্য সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবনের লিফট-৬) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সেইসঙ্গে, দালালমুক্ত সেবা গ্রহণ এবং প্রতারণা থেকে সতর্ক থাকতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

পোষ্য কোটা বাতিলসহ ৪ দাবিতে ইবিতে ২ শিক্ষার্থীর আমরণ অনশন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
পোষ্য কোটা বাতিলসহ ৪ দাবিতে ইবিতে ২ শিক্ষার্থীর আমরণ অনশন
ছবি : কালের কণ্ঠ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পোষ্য কোটা বাতিলসহ চার দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন দুই শিক্ষার্থী। তারা হলেন সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী ও শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শ এবং আইন বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ জীবন।

শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা অনশন শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের অশোভন আচরণ বন্ধ করা এবং শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি কমানো।

অনশন শুরুর সময় প্রশাসন ভবনের ফটকে ‘যোগ্যতার জয় হোক, পোষ্য কোটা রোধ হোক’, ‘অযৌক্তিক ভর্তি ফি বাতিল চাই’ এবং ‘সার্টিফিকেট উত্তোলনে হয়রানি বন্ধ চাই’ লেখাসংবলিত বিভিন্ন পোস্টার ঝুলিয়ে দেন তারা।

অনশনরত বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল, অযৌক্তিক ফি কমানো এবং বিভিন্ন দপ্তরে হয়রানি বন্ধের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। তিনি দাবি করেন, পূর্ববর্তী প্রশাসন সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে এবং বর্তমান প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ আশা করছেন।

রাজু আহমেদ জীবন বলেন, পোষ্য কোটা বাতিলসহ চার দফা দাবিতে তিনি অনশনে বসেছেন। অনশনের সময় তাকে প্রক্টর অফিসে ডেকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং অনশন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার অবস্থানে আছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিবার ক্যাম্পাসে আসবে বলে জানিয়েছেন তিনি।

টেক্সটাইল খাতের উন্নয়নে এআইয়ের ব্যবহার বৃদ্ধি করতে হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
টেক্সটাইল খাতের উন্নয়নে এআইয়ের ব্যবহার বৃদ্ধি করতে হবে : শিক্ষামন্ত্রী
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি করতে হবে।’ 

আজ শনিবার (২০ জুন) বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস-এ ‘চতুর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘টেক্সটাইল খাত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। কিন্তু এই খাতে বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে। টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি করতে হবে।’ 

তিনি বলেন, ‘আমরা টেক্সটাইল খাতে বিশ্বে নেতৃত্ব দিতে চাই। এ জন্য এ ক্ষেত্রে গবেষণা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি গতানুগতিকতার বাইরে এসে উদ্ভাবনী ধারণা সংযোজন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও টেক্সটাইল বিষয় যুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ল্যাবের সুবিধা থাকতে হবে যেন তারা আধুনিক বিশ্বের সঙ্গে কিভাবে প্রতিযোগিতা করতে হবে তা শিখতে সক্ষম হয়।’

এ সময় মন্ত্রী ‘গ্রিন টেক্সটাইল’ ও রিসাইক্লিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কনফারেন্সে জার্মানির হোখশুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক বাস্টিয়ান কুয়াটেলবাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করেন।