• ই-পেপার

ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা-মহিউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা-মহিউদ্দিন
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকর পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

মঙ্গলবার (৩০ জুন) রাতে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এই নতুন কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুজন—ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মোস্তাফিজুর রহমান। এ ছাড়া মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা খানম।

কার্যকর পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মিজবাহ-উদ-ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ, একাউন্টিং বিভাগের অধ্যাপক আল আমিন, গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. রফিকুল ইসলাম এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম নূর আলম সিদ্দিকী।

কর্মকর্তাদের মধ্য থেকে কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়া পদাধিকার বলে সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে ক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

রাজনীতি নিষিদ্ধের পরও বেরোবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি

বেরোবি প্রতিনিধি
রাজনীতি নিষিদ্ধের পরও বেরোবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি
আব্দুর রাকিব মুরাদ ও ইমরান খান। ছবি : সংগৃহীত

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর থাকার মধ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রাকিব মুরাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান খান নির্বাচিত হয়েছেন।

গত ২৮ জুন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা ও রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিলের উপস্থিতিতে কেন্দ্রীয় সভাপতির সই করা ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আব্দুর রাকিব মুরাদকে শাখা সভাপতি ও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান সিবগাতুল্লাহ সিবগা। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে ইমরান খানকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি আব্দুর রাকিব মুরাদ।

এদিকে জুলাই আন্দোলনের পর সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় সব ধরনের লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্তের পরও বিভিন্ন ছাত্রসংগঠনের (ছাত্রশিবির, ছাত্রদল) সাংগঠনিক কার্যক্রম চলমান থাকায় ক্ষোভ প্রকাশ করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের একাংশ।

সাবেক সমন্বয়ক আশিকুর রহমান আশিক ক্ষোভ প্রকাশ করে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকলেও বাস্তবে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চলমান রয়েছে। এ পরিস্থিতির দায় এড়ানোর সুযোগ প্রশাসনের নেই। কারণ, আইন প্রণয়ন করাই যথেষ্ট নয়, তার কার্যকর ও নিরপেক্ষ বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেই আইন দৃশ্যমানভাবে প্রয়োগ করা হয়নি। 

আশিক বলেন, প্রশাসন যদি শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা কঠোর ও সমানভাবে বাস্তবায়ন করত, তাহলে এভাবে আইন অমান্যের পরিস্থিতি সৃষ্টি হতো না। বিশ্ববিদ্যালয়ের আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হওয়াই কাম্য।

বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও কমিটি ঘোষণার বিষয়ে জানতে চাইলে শাখা সভাপতি আব্দুর রাকিব মুরাদ বলেন, ছাত্রশিবির একটি গতিশীল ও আদর্শভিত্তিক সংগঠন। সাধারণত বছরের শুরুতেই সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন হয়। প্রয়োজন হলে পরবর্তী সময়েও সেটআপ হতে পারে। বেরোবিতে সিন্ডিকেট কর্তৃক লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রশিবির লেজুড়বৃত্তিক রাজনীতি করে না, বরং শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। 

মুরাদ আরো বলেন, নিরাপদ ক্যাম্পাস গঠন এবং সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করাই আমাদের লক্ষ্য। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের বাকি সময়ের জন্য বেরোবি শাখার সাংগঠনিক সেটআপ সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, আজ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ছাত্রউপদেষ্টা, সহকারী প্রক্টরসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ ও ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৭ নভেম্বর বেরোবি ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়ামিনকে সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহির রায়হানকে সাধারণ সম্পাদক করা হয়। 

তথ্য চুরির অভিযোগে রাবি হল ভিপির আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

রাবি প্রতিনিধি:
তথ্য চুরির অভিযোগে রাবি হল ভিপির আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত
ছবি : কালের কণ্ঠ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল সংসদের সহসভাপতি (ভিপি) নাঈম ইসলামের আবাসিকতা বাতিল করেছিল হল প্রশাসন। এক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য হল দপ্তর থেকে সংগ্রহ করে প্রকাশের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এক দিনের মাথায় হল সংসদের নেতাদের অনুরোধে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

নাঈম ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গত বছরের ১৬ অক্টোবর হল সংসদের ভিপি নির্বাচিত হন।

হল প্রশাসনের দাবি, ছাত্রত্ব শেষ হওয়ার প্রায় ছয় মাস পরও প্রশাসনের অনুমতি ছাড়া তিনি হলে অবস্থান করেছেন। অভিযোগ ওঠার পর গত ২৮ জুন হলে থাকার অনুমতি চেয়ে আবেদন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মাস্টার্সের শেষ পরীক্ষা শেষে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১৫ দিন হলে থাকতে পারেন। তবে হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা প্রশাসনের অনুমতি নিয়ে দায়িত্ব পালনকালীন হলে থাকতে পারেন।

সম্প্রতি হলের আবাসিক শিক্ষার্থী আমীর হামজা সামাজিক যোগাযোগ মাধ্যমে নাঈম ইসলামের হলে অবস্থানকে ‘অবৈধ’ দাবি করে পোস্ট দেন। এর জবাবে নাঈম হল দপ্তরে জমা দেওয়া আমীর হামজার সিটের আবেদনপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এতে আবেদনপত্রে থাকা ব্যক্তিগত ও আর্থিক তথ্যও প্রকাশ পায়।

পরে আমীর হামজা হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সোমবার হল প্রশাসন নাঈম ইসলামের আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে মঙ্গলবার হল সংসদের নেতাদের অনুরোধে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।

নাঈম ইসলাম বলেন, হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত হলে থাকার বৈধ অধিকার রয়েছে। তিনি দাবি করেন, কোনো অনিয়ম তুলে ধরতেই তিনি আবেদনপত্রটি দেখেছিলেন।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হারুনর রশীদ বলেন, নাঈমের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও অছাত্রসুলভ আচরণের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত হয়েছিল।

পরে হল সংসদের নেতাদের অনুরোধে তা আপাতত স্থগিত করা হয়েছে।অনুমতি ছাড়াই নাঈম হলে অবস্থান করছিলেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার্থী কমলেও বেড়েছে কলেজের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার্থী কমলেও বেড়েছে কলেজের সংখ্যা
সংগৃহীত ছবি

সারা দেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। চলতি ২০২৬ সালে চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় বসছে ৯৯ হাজার ৬৮৮ জন ছাত্রছাত্রী। যা গত বছরের তুলনায় ৩ হাজার ২৮৭ জন কম। গতবার এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ৯৭৫ জন। এবার শিক্ষার্থী কমলেও অংশগ্রহণকারী কলেজের সংখ্যা বেশি। তবে কেন্দ্র কমেছে ১টি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, ‘সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ১৫টি সাধারণ ভিজিল্যান্স টিম এবং ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।’

বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে চলতি বছরের এইচএসসি পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জানানো হয়, এই বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির মোট ২৮৩টি কলেজের মোট পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ১১ হাজার ২৫৫ জন ছাত্র ও ১২ হাজার ৬৪৮ জন ছাত্রীসহ মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৯০৩ জন; মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন (ছাত্র ১৬ হাজার ৩৪২ জন ও ২৭ হাজার ৮৯৬ জন ছাত্রী); ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৫৮৫ জন ছাত্র এবং ১৫ হাজার ৯৫৪ জন ছাত্রীসহ মোট ৩১ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী; গাহর্স্থ্য বিভাগে ৮ জন ছাত্রী।

এদিকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম জেলার পরীক্ষার্থীর সংখ্যা ৭০ হাজার ৯৭৪ জন; কক্সবাজার ১২ হাজার ২৫৫; রাঙামাটি জেলায় ৫ হাজার ৪৩৯; খাগড়াছড়িতে সাত হাজার ৩৫৩ জন; বান্দরবান জেলায় তিন হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১৪টি কেন্দ্রে। গতবার কেন্দ্র ছিল ১১৫টি। ২০২৫ সালে ২৭৭টি কলেজ থেকে পরীক্ষার্থী থাকলেও এবার ৬টি বেড়ে কলেজ সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩টিতে।

ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন | কালের কণ্ঠ