দেশের রপ্তানি আয় টেকসইভাবে বাড়াতে পণ্য ও বাজার বহুমুখীকরণ, বিদ্যমান বাজারে অবস্থান সুসংহত করা, নতুন বাজার অনুসন্ধান এবং বিদেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনগুলোর কার্যক্রম আরো কার্যকরভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘রপ্তানি বহুমুখীকরণ, সম্প্রসারণ ও ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি আয় পর্যালোচনা’ শীর্ষক সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় বাণিজ্যসচিব বলেন, রপ্তানি আয় পর্যালোচনার অংশ হিসেবে এখন থেকে নিয়মিতভাবে গত পাঁচ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ও অর্জনের তুলনামূলক চিত্র, মাসভিত্তিক রপ্তানি অগ্রগতি, পণ্য ও সেবাভিত্তিক রপ্তানি পরিস্থিতি, খাতভিত্তিক অর্জন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের বাণিজ্যিক মিশনগুলোর কার্যক্রম মূল্যায়ন করা হবে।
তিনি রপ্তানি বহুমুখীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাবনাময় খাত চিহ্নিতকরণ, বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ, প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা প্রদান, বিদ্যমান বাজার সংরক্ষণ এবং হালাল পণ্যসহ নতুন বাজার অনুসন্ধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ ছাড়া বাণিজ্য-সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি, রপ্তানি পরিবহনে বিদ্যমান সমস্যা সমাধান এবং বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলোর কার্যকর বাস্তবায়ন নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।
বিদেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনগুলোর কার্যক্রম আরো ফলপ্রসূ করতে মিশনভিত্তিক প্রতিবেদন নিয়মিত মূল্যায়ন, নতুন পণ্য ও বাজার অনুসন্ধান, ব্যবসায়ীদের মধ্যে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যাচমেকিং কার্যক্রম জোরদার, বাণিজ্যিক অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সম্ভাব্য নতুন বাণিজ্যচুক্তি স্বাক্ষরের সুযোগ যাচাইয়ের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বাণিজ্য সচিব।
সভায় দেশে ও বিদেশে গত তিন বছরে আয়োজিত বাণিজ্য মেলার পরিসংখ্যান, অংশগ্রহণের হার, রপ্তানি ক্রয়াদেশ প্রাপ্তির তথ্য এবং এসব আয়োজনের কার্যকারিতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের অগ্রগতি এবং এসংক্রান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হয়।
সভায় আশা প্রকাশ করা হয়, আলোচনায় উঠে আসা সুপারিশ ও পর্যবেক্ষণ আগামী অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং রপ্তানি সম্প্রসারণ কৌশল প্রণয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





