• ই-পেপার

আয়কর মেলা হচ্ছে না এবারও

দাম কমার পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

অনলাইন ডেস্ক
দাম কমার পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ বৃহস্পতিবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শুক্রবার (২৬ জুন) সেই দামেই বিক্রি হবে সোনা।

বাজুস জানিয়েছে, তবে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

অর্থমন্ত্রীর সঙ্গে অ্যামচ্যামের নতুন নির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
অর্থমন্ত্রীর সঙ্গে অ্যামচ্যামের নতুন নির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম বাংলাদেশ) নবনির্বাচিত নির্বাহী কমিটির (ইসি) একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিনিধিদল তাদের নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয় এবং ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট-সংশ্লিষ্ট বিভিন্ন অগ্রাধিকার বিষয় নিয়ে আলোচনা করে।

এটি ছিল অ্যামচ্যাম বাংলাদেশের নবনির্বাচিত নির্বাহী কমিটি এবং অর্থমন্ত্রীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি খাতের মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অ্যামচ্যাম বাংলাদেশের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সহ-সভাপতি আলাউদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ রেজা উর রহমান মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য হাবিব ভূঁইয়া, আল মামুন এম. রাশেল ও আতাউর রহিম চৌধুরী। এ ছাড়া অ্যামচ্যামের সদস্য মো. মঈনুল হক, সাব্বির আহমেদ এবং মমশাদ আলী খান উপস্থিত ছিলেন।

বৈঠকে অ্যামচ্যাম প্রতিনিধিদল জ্বালানি, বীমা ও আর্থিক সেবা, ডিজিটাল অর্থনীতি, ভোগ্যপণ্য (এফএমসিজি), তৈরি পোশাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মার্কিন বিনিয়োগকারীদের অব্যাহত অবদানের বিষয়টি তুলে ধরে। একই সঙ্গে তারা বিনিয়োগ পরিবেশ আরো উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শিল্পখাতের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন।

প্রতিনিধিদল ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে তাদের মতামত তুলে ধরে জানায়, বাজেটটি ইতিবাচক দিকনির্দেশনা প্রদান করেছে। তবে বাজেটের প্রবৃদ্ধিমুখী লক্ষ্যগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য কার্যকর বাস্তবায়ন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, নীতিগত পূর্বানুমানযোগ্যতা নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে এবং দেশে আরো বেশি মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করতে অ্যামচ্যাম বাংলাদেশ তাদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।

জুনের ২৪ দিনে রেমিট্যান্স এলো ২৩১ কোটি ২০ লাখ ডলার

অনলাইন ডেস্ক
জুনের ২৪ দিনে রেমিট্যান্স এলো ২৩১ কোটি ২০ লাখ ডলার

চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স। বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জুন মাসের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩১ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২৮ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৫০৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ।

এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়।

গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।

আম উৎপাদনে প্রসিদ্ধ এলাকায় শনিবার ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক
আম উৎপাদনে প্রসিদ্ধ এলাকায় শনিবার ব্যাংক খোলা
সংগৃহীত ছবি

মৌসুমে ব্যবসায়ীদের নগদ অর্থের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা সাপ্তাহিক ছুটির দিন শনিবার সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এসংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আম বাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হচ্ছে। এসব এলাকায় নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ ও জমা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা; নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন আম বাজারসংলগ্ন তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা রাখা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে নিজ নিজ বিবেচনায় এসব শাখা ও উপশাখা পরিচালনা করতে হবে।

সার্কুলারে আরো বলা হয়, ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আবদুল মান্নান সই করা সার্কুলারটি বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।