ময়মনসিংহ ই-কমার্স কার্ট আয়োজিত ‘ম্যাক শুভ্র নীল’ মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ মেলায় অসংখ্য ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল উক্ত মেলা। বেচা-কেনা ভালো হওয়ায় খুশি উদ্যোক্তারাও। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে (বৈশাখী মঞ্চ-২) দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ ই-কমার্স কার্টের প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনার সভাপতিত্বে ম্যাক শুভ্র নীল মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। উদ্বোধন শেষে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করে মেয়র ইকরামুল হক টিটু বলেন, ই-কমার্স বাংলাদেশের মানুষের মধ্যে প্রেরণা জুগিয়েছে। দেশি পণ্যের ই-কমার্সে নারী উদ্যোক্তাদের আগ্রহ ও তাদের সাফল্য লক্ষ্য করেছি। উদ্যোক্তারা নিজের অবস্থান মেলে ধরার পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। ই-কমার্স কার্টের প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা কালের কণ্ঠকে বলেন, 'ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই পণ্য প্রদর্শনী আয়োজন করতে পেরে আমি গর্বিত। ক্রেতাদের উপচেপড়া ভীড় ও সন্তুষ্টি আর উদ্যোক্তাদের হাসিমাখা মুখগুলো আমার এই আয়োজনের স্বার্থকতা'। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পণ্য প্রদর্শনী চলেছে। ৩৬টি স্টলে ৫২ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছিল। পোশাক, খাবার, কসমেটিকস, অর্নামেন্টস, ফল, ঘর সাজানোর জিনিসপত্র এবং নিত্য ব্যবহার্য পণ্যসামগ্রী। বিক্রেতারা মূলত ঘরোয়া উদ্যোক্তা আনুমানিক ১২ লাখ টাকার বিক্রয় ও অর্ডার হয়েছে একদিনে।