• ই-পেপার

লোক দেখানো আমলের ভয়াবহ পরিণতি

পরিকল্পিত ‘হালালা’ বিবাহ সম্পর্কে ইসলাম কী বলে

ড. মুহাম্মদ তাজাম্মুল হক
পরিকল্পিত ‘হালালা’ বিবাহ সম্পর্কে ইসলাম কী বলে

হালালা বলতে আরবি ‘তাহলিল’-কে বোঝানো হয়। ইসলামের তা একটি বিশেষ বিধানের সঙ্গে সম্পর্কিত, যা তিন তালাকের মাধ্যমে স্বামী-স্ত্রীর চূড়ান্ত বিচ্ছেদের পর তাদের পুনরায় একত্র হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য।

জাহিলি যুগে পুরুষেরা স্ত্রীকে অগণিত তালাক দিত। তালাক দেওয়ার পর আবার ফিরিয়ে নিত। কিংবা দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে ঝুলিয়ে রাখত। তা ছিল পুরুষের স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ। ইসলাম এই অপব্যবহার রোধে তালাকের ক্ষেত্রে সীমারেখা নির্ধারণ করেছে। 

পবিত্র কুরআনে ন্যূনতম দুই বারে তালাক দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয় তালাকের পর পারিবারিক পর্যায়ে ‘ইসলাহ’ (সংশোধন) ও ‘সুলহ’ (সমন্বয়) প্রচেষ্টার নীতি করেছে। তিন তালাককে চূড়ান্ত বিচ্ছেদ হিসেবে গণ্য করেছে। এর মাধ্যমে বিবাহের দায়িত্বশীলতা ও পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং পুরুষকে তালাক উচ্চারণে সতর্ক করা হয়েছে।

রাসূল (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে হালাল বিষয়সমূহের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হলো তালাক।’ (আবু দাউদ, আস-সুনান, হাদিস নং : ২১৭৮)

হালালা কী?

কোনো স্বামী যদি তার স্ত্রীকে তিন তালাক প্রদান করে, তাহলে স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। এ অবস্থায় তারা পুনরায় একত্র হতে চাইলে স্ত্রীকে অন্য একজন পুরুষের সঙ্গে স্বাভাবিক ও প্রকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হতে হবে। যদি দ্বিতীয় বিবাহ স্বাভাবিক কারণে—যেমন তালাক বা স্বামীর মৃত্যুর মাধ্যমে—শেষ হয়ে যায়, তাহলে ইদ্দত অতিবাহিত হওয়ার পর প্রথম স্বামীর সঙ্গে নতুন মোহর ও নতুন আকদের মাধ্যমে পুনর্বিবাহ করা বৈধ হবে।

আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর যদি সে তাকে (তৃতীয়বার) তালাক দেয়, তবে সে তার জন্য হালাল হবে না, যতক্ষণ না সে অন্য স্বামীকে বিয়ে করে। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়, তবে তারা যদি মনে করে যে আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে, তাহলে তাদের পুনরায় একত্র হওয়ার মধ্যে কোনো গুনাহ নেই।’ [সুরা বাকারা, আয়াত :২৩০)

কখন হালালার প্রসঙ্গ আসবে?

১. তিন তালাকের পর : প্রথম বা দ্বিতীয় তালাকের ক্ষেত্রে ইদ্দতের মধ্যে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে পারেন। সেখানে হালালার কোনো প্রশ্নই আসে না। তিন তালাকের মাধ্যমে বায়িন বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পুণরায় সংসার করার প্রসঙ্গ আসলে হালালার বিষয় আসবে।

২. স্বাভাবিক দ্বিতীয় বিবাহ : দ্বিতীয় বিবাহটি বাস্তব ও স্বাভাবিক হতে হবে। কেবল প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে নামমাত্র বিবাহ শরিয়াহসম্মত নয়।

৩. স্বাভাবিক দ্বিতীয়বার বিবাহবিচ্ছেদ : দ্বিতীয় বিবাহ স্বাভাবিকভাবে স্বামীর মৃত্যু কিংবা তালাকের মাধ্যমে শেষ হতে হবে। পূর্বপরিকল্পিত বিচ্ছেদ গ্রহণযোগ্য নয়।

৪. নতুন বিবাহ ও মোহর : প্রথম স্বামীর সঙ্গে পুনর্বিবাহের জন্য নতুন আকদ ও মোহর আবশ্যক।

পরিকল্পিত হালালা কেন নিষিদ্ধ?

এখানেই সবচেয়ে বড় ভুল-বোঝাবুঝি দেখা যায়। শরিয়া হালালার জন্য কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়নি; বরং একটি স্বাভাবিক দ্বিতীয় বিবাহের পরিণতিতে যদি উপরোক্ত পরিস্থিতি তৈরি হয়, তখন কেবল পুনর্বিবাহের অনুমতি দিয়েছে।

কিন্তু যদি শুরু থেকেই এই শর্ত আরোপ করা হয় যে, দ্বিতীয় ব্যক্তি নারীকে বিয়ে করবে, মিলিত হবে এবং পরে তালাক দিয়ে দেবে যাতে সে প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যায়—তাহলে এটি ‘নিকাহে তাহলিল’, যা কঠোরভাবে নিষিদ্ধ। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেছেন, 

«لَعَنَ اللَّهُ الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ»

অর্থাৎ, ‘যে ব্যক্তি হালালা করে এবং যার জন্য হালালা করা হয়, উভয়ের ওপর আল্লাহর লানত।’ (তিরমিজি, হাদিস : ১১১৯)

অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেন, 

«أَلَا أُخْبِرُكُمْ بِالتَّيْسِ الْمُسْتَعَارِ؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «هُوَ الْمُحَلِّلُ، لَعَنَ اللَّهُ الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ»

‘আমি কি তোমাদের ধার করা ষাঁড় সম্পর্কে জানাব না?’ সাহাবিগণ বললেন, অবশ্যই, হে আল্লাহর রাসুল! তিনি বললেন, ‘সে হলো হালালাকারী ব্যক্তি। আল্লাহ লানত করেছেন হালালা সম্পাদনকারী এবং যার জন্য তা করা হয়।’ ‘ইবনে মাজাহ, হাদিস নং : ১৯৩৬)

অতএব, নারীকে প্রথম স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কোনো বন্ধু, আত্মীয় কিংবা অন্য কাউকে দিয়ে এক রাত কিংবা কিছু দিন বা মাসের জন্য বিয়ে দেওয়া এবং পরে তালাকের ব্যবস্থা করা শরিয়ার দৃষ্টিতে জঘন্য প্রতারণা। এটি বিবাহের পবিত্রতাকে উপহাসে পরিণত করে। নবীজির (সা.) ভাষায় সংশ্লিষ্ট ব্যক্তির দৃষ্টান্ত ‘ধার করা ষাঁড়’।

পরিকল্পিত হালালা সম্পর্কে ফিকহি অবস্থান

চার মাজহাবের ফকিহরা এ বিষয়ে একমত যে, পূর্বপরিকল্পিত ‘হালালা’ হারাম।

ক. হানাফি মাজহাব: এ ধরনের শর্তযুক্ত বিবাহ নিকৃষ্ট ও গুনাহের কাজ। (ফাতহুল কাদির, ৩/২১০)

খ. মালিকি মাজহাব: উদ্দেশ্য যদি তাহলীল হয়, তবে তা গ্রহণযোগ্য নয়। (আল-উম্ম, ৫/১৫৫)

গ. শাফিয়ী মাজহাব: শর্তযুক্ত তাহলিল শরিয়ার উদ্দেশ্যের পরিপন্থী। (মালিক, মুয়াত্তা, ২/৫৮৫)

ঘ. হাম্বলি মাজহাব: পরিকল্পিত হালালা স্পষ্টভাবে নিষিদ্ধ। (আল-মুগনি, ৭/৩৪৫)

ফলে উপর্যুক্ত উদ্দেশ্য পূরণে ইসলামী শরিয়াহ ‘হালালা’ নামক কোনো প্রতিষ্ঠান, কেন্দ্র বা পেশাদার সেবা চালু করার অনুমতি প্রদান করে না। বরং এমন আয়োজন শরিয়ার বিধানকে বিকৃত করে এবং বিবাহকে খেলায় পরিণত করে। শরিয়ার উদ্দেশ্য হচ্ছে, তিন তালাককে ভয়াবহ পরিণতি উল্লেখ করে তালাকের বিষয়ে নিরুৎসাহিত করা; এটিকে পাশ কাটিয়ে ‘হালালা মেকানিজম’ তৈরি করা নয়। তাই তালাকের ক্ষেত্রে দায়িত্বশীলতা অবলম্বন করা এবং শরিয়াকে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকাই একজন মুসলিমের কর্তব্য।

* অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

সালাম পৃথিবীর শ্রেষ্ঠ অভিবাদন

মাওলানা ইউসুফ মাহমুদ
সালাম পৃথিবীর শ্রেষ্ঠ অভিবাদন
সংগৃহীত ছবি

পৃথিবীর প্রতিটি মানুষ শান্তি চায়। ব্যক্তি জীবনে শান্তি, পরিবারে শান্তি, সমাজে শান্তি, রাষ্ট্রে শান্তি—মানবজাতির সকল আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু যেন এই একটি শব্দ, ‘শান্তি’। কিন্তু শান্তি কেবল একটি আকাঙ্ক্ষার নাম নয়; এটি একটি সংস্কৃতি, একটি মূল্যবোধ এবং একটি জীবনদর্শন। আর সেই শান্তির পূর্ণাঙ্গ জীবনদর্শন নিয়ে এসেছে ইসলাম। ইসলাম মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে। মানুষের পারস্পরিক সম্পর্ক, সামাজিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলাম যে অপূর্ব শিক্ষাগুলো দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো সালাম।

সালাম শুধু একটি সম্ভাষণ বা অভিবাদন নয়; এটি একটি দোয়া, একটি অঙ্গীকার, একটি মানবিক ঘোষণা এবং একটি বিশ্বাসের বহিঃপ্রকাশ। একজন মুসলমান যখন অপর মুসলমানকে ‘আসসালামু আলাইকুম’ বলে সম্ভাষণ জানায়, তখন সে শুধু মুখের কথা বলে না; বরং অন্তর থেকে এ দোয়া করে যে, ‘আল্লাহ আপনার ওপর শান্তি, নিরাপত্তা, রহমত ও বরকত বর্ষণ করুন।’ একই সঙ্গে সে যেন এ ঘোষণাও দেয় যে, ‘আমার পক্ষ থেকে আপনি নিরাপদ; আপনার কোনো অনিষ্ট আমি চাই না।’ 

সমাজে বসবাসের ক্ষেত্রে যদি এমন আন্তরিকতা ও পারস্পরিক আস্থা না থাকে, তবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১০)

ভাইয়ের প্রতি ভাইয়ের প্রথম দায়িত্ব হলো তার কল্যাণ কামনা করা। সালাম সেই কল্যাণকামিতারই প্রথম ধাপ। কারণ সালামের প্রতিটি শব্দে নিহিত রয়েছে শান্তি, নিরাপত্তা ও মঙ্গল কামনা। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদেরকে যখন কোনো অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চেয়ে উত্তমভাবে জবাব দাও অথবা অনুরূপ জবাব দাও।’ (সুরা : নিসা, আয়াত : ৮৬)

এ আয়াত প্রমাণ করে, ইসলাম শুধু সালাম দেওয়ার শিক্ষা দেয়নি; বরং তার সুন্দর জবাব দেওয়াকেও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছে। তাই মহানবী (সা.) সালামের গুরুত্ব সম্পর্কে এমনভাবে আলোচনা করেছেন, যা ইসলামী সমাজব্যবস্থার সৌন্দর্যকে স্পষ্ট করে তোলে। তিনি বলেন, ‘তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও।’ (সহিহ মুসলিম, হাদিস নং : ৫৪)

অন্য এক হাদিসে তিনি বলেন, ‘তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর পরস্পরকে ভালোবাসা না পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলব না, যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটাও।’ (আল আদাবুল মুফরাদ, হাদিস নং : ৭৫১)

পৃথিবীর বিভিন্ন জাতি ও সংস্কৃতির নিজস্ব সম্ভাষণ পদ্ধতি রয়েছে। ইংরেজরা বলে ‘Good Morning’, ‘Good Evening’ কিংবা ‘Good Night’। অন্য ভাষাতেও রয়েছে নানান ধরনের সম্ভাষণ। হিন্দুরা পরস্পর অভিবাদন জানায় রাম-রামজি বা আদাব-নমস্কার বলে। চীনারা একে অপরকে বলে ‘নি হাও’ ‘শি-শিও’ ইত্যাদি বলে। এসব অভিবাদনের মধ্যে সৌজন্য থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা শুধু একটি সময়ভিত্তিক শুভেচ্ছা। কিন্তু ইসলামের সালাম এর চেয়ে অনেক গভীর ও ব্যাপক অর্থ বহন করে।

জাপানি নারী মিস ফাতেমা কাজু তার ইসলাম গ্রহণের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই আমি পর্যবেক্ষণ করছি, ধর্মের প্রতি আমাদের বিশ্বাস দুর্বল হয়ে যাচ্ছে। আমি গভীরভাবে অনুভব করলাম আমরা যতই আমেরিকান ধাচের জীবন যাত্রায় অভ্যন্ত হয়ে পড়ছিলাম, মনে হচ্ছিল আমাদের কী যেন হারিয়ে যাচ্ছে। প্রথমে আমি বুঝতে পারিনি। আর বুঝতে না পারাটাই আমার জন্য অস্থিরতার  কারণ হয়ে দেখা দেয়।’ 
এ সময় টোকিওতে কিছু দিন অবস্থান করে তিনি বলেন, “মুসলমানদের অভিবাদনের প্রতি লক্ষ্য করুন। তারা ‘আসসালামু আলাইকুম’ বলে অভিবাদন জানায়। এর অর্থ হলো, আল্লাহ পাক আপনার উপর শান্তি, রহমত ও বরকত বর্ষণ করুন। ‘গুড মর্নিং’ ও গুড আফটার নুন-এর চাইতে মুসলামানদের এই অভিবাদন কতইনা সুন্দর ও অর্থবহ।  এগুলো বলে শুধু সকাল বা বিকেলের ভালো কামনা করা হয়। এগুলো নিছক বস্তুবাদী সংবোধন। আল্লাহর রহমত ও পারলৌকিক কল্যাণের জন্য প্রার্থনার নাম গন্ধও এ অভিবাদনে নেই।” তার মতে ‘সালাম’ নিছক সামাজিক সৌজন্য নয়; বরং আধ্যাত্মিক ও মানবিক কল্যাণের এক অনন্য প্রকাশ।

প্রকৃতপক্ষে সালাম মানুষের অন্তরকে কোমল করে, অহংকার দূর করে এবং ভালোবাসার বন্ধনকে দৃঢ় করে। একটি সালাম শত্রুতাকে বন্ধুত্বে রূপান্তর করতে পারে, দূরত্বকে নৈকট্যে পরিণত করতে পারে এবং অপরিচিত মানুষকেও আপন করে তুলতে পারে। একটি সমাজে যখন সালামের চর্চা বৃদ্ধি পায়, তখন সেখানে পারস্পরিক শ্রদ্ধা, নিরাপত্তা ও ভ্রাতৃত্ববোধও বৃদ্ধি পায়।

আজকের পৃথিবী বিভাজন, সংঘাত, বিদ্বেষ ও নৈতিক সংকটে জর্জরিত। মানুষ প্রযুক্তিতে উন্নত হলেও হৃদয়ের প্রশান্তি হারিয়ে ফেলছে। এমন এক সময়ে ইসলামের সালাম সংস্কৃতি হতে পারে মানবতার জন্য এক অনন্য সমাধান। কারণ সালামের মধ্যেই রয়েছে শান্তির আহ্বান, ভালোবাসার বার্তা এবং নিরাপদ সমাজ নির্মাণের ভিত্তি।

তাই আমাদের উচিত পরিবারে, সমাজে, শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সালামের ব্যাপক প্রচলন করা। পরিচিত-অপরিচিত সকল মুসলমানকে সালাম দেওয়া, সন্তানদের সালামের শিক্ষা দেওয়া এবং সালামকে জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করা।

আসুন, আমরা ইসলামের এই মহান শিক্ষা হৃদয়ে ধারণ করি। সালামের মাধ্যমে মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসার সেতুবন্ধন গড়ে তুলি। পরস্পরের জন্য শান্তি, রহমত ও বরকতের দোয়া করি। এমন একটি সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করি, যেখানে প্রতিটি মানুষের মুখে উচ্চারিত হবে শান্তির বাণী, আর প্রতিটি হৃদয় ভরে উঠবে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবিকতার আলোয়। আল্লাহ আমাদের তাওফিক দান করুক। আমিন। 

কোরআনের বাণী

আল্লাহর পক্ষ থেকে কল্যাণপ্রাপ্তদের মর্যাদা

ইসলামী জীবন ডেস্ক
আল্লাহর পক্ষ থেকে কল্যাণপ্রাপ্তদের মর্যাদা
সংগৃহীত ছবি

মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,

اِنَّ الَّذِیۡنَ سَبَقَتۡ لَهُمۡ مِّنَّا الۡحُسۡنٰۤی ۙ اُولٰٓئِكَ عَنۡهَا مُبۡعَدُوۡنَ

সরল অনুবাদ :
নিশ্চয় যাদের জন্য আমার পক্ষ থেকে পূর্ব থেকেই কল্যাণ নির্ধারিত রয়েছে তাদেরকে তা (জাহান্নাম) থেকে দূরে রাখা হবে। (সুরা : আম্বিয়া, আয়াত : ১০১)

সংক্ষিপ্ত ব্যাখ্যা : 

পূর্ববর্তী ৯৮ নং আয়াতে বলা হয়েছে যে, ‘তোমরা এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের ইবাদত কর, সবাই জাহান্নামের ইন্দন হবে।’ দুনিয়াতে কাফের-মুশরিকরা যেসব মিথ্যা উপাস্যের উপাসনা করেছে, এ আয়াতে তাদের সবার জাহান্নামে প্রবেশ করার কথা বর্ণনা করা হয়েছে। এ আয়াত শোনার পর কাফেররা এটা বলতে শুরু করল যে, যদি প্রত্যেক অবৈধ উপাস্যই জাহান্নামে যায় তবে ঈসা (আ.) ও ফেরেশতারাও জাহান্নামে যাবে; কারণ খৃষ্টানরা তো ঈসা (আ.) ও ফেরেশতাদের উপাসনা করে থাকে। তাহলে তারাও কি জাহান্নামে যাবেন? এর জওয়াবে আল্লাহ্ তাআলা এ আয়াত নাজিল করেন। 

এই আয়াতে বলা হচ্ছে যে, ঈসা (আ.) ও ফেরেশতাদের উপাসনা করা হলেও তারা জাহান্নামে যাবেন না। কারণ তাঁরা হলেন আল্লাহর নেক বান্দা; যাঁদের নেকীর কারণে আল্লাহর পক্ষ হতে তাঁদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তাঁরা জাহান্নাম থেকে বহুগুণ দূরে থাকবেন। এখান থেকে এটাও পরিষ্কারভাবে বুঝা যায় যে, যে ব্যক্তি পৃথিবীতে এই ইচ্ছা ও কামনা রেখে মারা যায় যে, তার মৃত্যুর পর তার কবরকে মাজার বানানো হোক এবং লোকেরা তাকে প্রয়োজন পূরণকারী (দাতা) মনে করে তার নামে বিভিন্ন মান্নত পেশ করুক ও তার পূজা (ও সিজদাহ) করা হোক, তাহলে সে ব্যক্তিও জাহান্নামের ইন্ধন হবে। কারণ নিঃসন্দেহে সেই নেক মানুষদের আওতায় কখনও পড়বে না, ‘যাদের জন্য আল্লার নিকট থেকে পূর্ব হতে কল্যাণ নির্ধারিত রয়েছে।’ (তাফসিরে আহসানুল বায়ান, মুস্তাদরাকে হাকিম, ২/৩৮৪–৩৮৫)

সুতরাং যারা দুনিয়ায় মানুষকে আল্লাহর ইবাদত করার শিক্ষা দিয়েছিলেন এবং লোকেরা তাদেরই উপাস্য পরিণত করে অথবা যারা এ ব্যাপারে সম্পূর্ণ বেখবর যে দুনিয়ায় তাদের কবরের পূজা করা হচ্ছে আর এ কাজে তাদের ইচ্ছা ও আকাংখা না থাকে, তাহলে তাদের জাহান্নামে যাওয়ার কোন কারণ নেই। কারণ, তারা এ শিরকের জন্য দায়ী নয়। (তাফসিরে জাকারিয়া)


শিক্ষা ও বিধান

১. জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি পেতে মানুষের  আমল যথেষ্ট নয়; বরং আল্লাহর রহমত ও অনুগ্রহ জরুরি।

২. যারা ঈমান ও সৎকর্মের ওপর জীবন অতিবাহিত করে, তাদের জন্য আল্লাহ পূর্ব থেকেই কল্যাণ ও মুক্তির ফয়সালা রাখেন।

৩. মুমিনদের সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের সৌভাগ্য লাভ করা।

৪. আল্লাহ যাদের জন্য কল্যাণ নির্ধারণ করেন, তাদের তিনি অবশ্যই জাহান্নাম থেকে দূরে রাখবেন। তাঁর ওয়াদা কখনো ভঙ্গ হয় না।

৫. আল্লাহর নৈকট্য ও কল্যাণ লাভের জন্য বিশুদ্ধ আকিদা, ইখলাস এবং সৎকর্ম অপরিহার্য।

৬. যাদের জন্য কল্যাণ নির্ধারিত হয়েছে, তারা আল্লাহর জ্ঞান, ন্যায়বিচার ও প্রজ্ঞার ভিত্তিতেই সেই মর্যাদা লাভ করবে।

আল্লাহর প্রতি ঈমান, আন্তরিক আনুগত্য এবং সৎকর্মের মাধ্যমেই বান্দা আল্লাহর বিশেষ অনুগ্রহের অধিকারী হয়। তখন আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখেন এবং তার জন্য চিরস্থায়ী সফলতার পথ উন্মুক্ত করে দেন। তাই প্রত্যেক মুমিনের লক্ষ্য হওয়া উচিত এমন আমল করা, যা তাকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেই ‘হুসনা’ বা সর্বোত্তম কল্যাণের যোগ্য করে তোলে। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুক। আমিন। 
 

বাগদাদের হারিয়ে যাওয়া গ্রন্থাগারের কান্না

সাইয়্যিদ মুনিব মুর্শিদ
বাগদাদের হারিয়ে যাওয়া গ্রন্থাগারের কান্না
সংগৃহীত ছবি

একটি জাতির মৃত্যু সবসময় যুদ্ধক্ষেত্রে ঘটে না। অনেক জাতি পরাজিত হয়েছে তলোয়ারের আঘাতে, আবার অনেক জাতি ইতিহাস থেকে মুছে গেছে নিজেদের স্মৃতি হারিয়ে। প্রথম মৃত্যুর শব্দ শোনা যায়; দ্বিতীয় মৃত্যু ঘটে নিঃশব্দে। মানুষের ব্যক্তিগত জীবনে স্মৃতি যেমন পরিচয়ের ভিত্তি, সভ্যতার জীবনেও তেমনি স্মৃতি তার আত্মপরিচয়ের উৎস। আমরা কে, কোথা থেকে এলাম, কীভাবে চিন্তা করতে শিখলাম, কোন প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আজকের অবস্থানে পৌঁছেছি—এই দীর্ঘ যাত্রার নামই সভ্যতা। আর এই যাত্রার দলিল সংরক্ষিত থাকে বইয়ে, পাণ্ডুলিপিতে, গ্রন্থাগারে। তাই কোনো গ্রন্থাগার পুড়ে যাওয়া মানে শুধু কিছু বই নষ্ট হয়ে যাওয়া নয়। এর অর্থ হলো একটি সভ্যতার স্মৃতিভাণ্ডারে আগুন লেগে যাওয়া।

মুসলিম সভ্যতার ইতিহাসে এমন বহু আগুনের কথা আমরা জানি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা সাধারণত আগুনের দিকে তাকাই, ছাইয়ের দিকে নয়। আমরা বাগদাদের পতনের কথা বলি, কিন্তু ভাবি না সেই পতনের পর কোন কোন প্রশ্ন হারিয়ে গেল। আমরা আন্দালুসের রাজনৈতিক পরাজয় নিয়ে আলোচনা করি, কিন্তু খুব কমই আলোচনা করি সেই বইগুলোর কথা, যেগুলো আর কখনো কোনো পাঠকের হাতে পৌঁছায়নি।

ইতিহাসের নির্মম সত্য হলো, মানুষ হত্যার চেয়ে বই হত্যা কখনো কখনো দীর্ঘস্থায়ী ক্ষতি ডেকে আনে। কারণ একজন মানুষের মৃত্যু একটি জীবনের সমাপ্তি ঘটায়, কিন্তু একটি বইয়ের মৃত্যু অনেক সম্ভাব্য জীবনের চিন্তাকে অসম্পূর্ণ করে দেয়।

মধ্যযুগীয় মুসলিম বিশ্বকে আমরা প্রায়ই স্বর্ণযুগ বলে উল্লেখ করি। কিন্তু এই শব্দটির ভেতরের অর্থ নিয়ে খুব কম ভাবি। স্বর্ণযুগ মানে শুধু ক্ষমতা, সম্পদ বা সামরিক সাফল্য নয়। স্বর্ণযুগ মানে এমন এক সময়, যখন একটি সভ্যতা প্রশ্ন করতে ভয় পায় না। বাগদাদের রাস্তায় তখন একই শহরে ফকিহ, দার্শনিক, চিকিৎসক, জ্যোতির্বিজ্ঞানী এবং ভাষাবিদ হাঁটতেন। মতভেদ ছিল, বিতর্ক ছিল, এমনকি তীব্র বিরোধও ছিল। কিন্তু তার পরও জ্ঞান উৎপাদনের প্রক্রিয়া থেমে থাকেনি। কারণ সভ্যতাগুলো প্রশ্নের ভেতর দিয়ে বেঁচে থাকে, উত্তরের ভেতর দিয়ে নয়। এখানেই গ্রন্থাগারের প্রকৃত তাৎপর্য।

গ্রন্থাগার মূলত বইয়ের গুদাম নয়; এটি একটি সভ্যতার আত্মসমালোচনার স্থান। সেখানে অতীত বর্তমানের সঙ্গে কথা বলে। মৃত মানুষের চিন্তা জীবিত মানুষের প্রশ্নের উত্তর দেয়। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ যে কথোপকথন চালিয়ে যায়, গ্রন্থাগার তারই দৃশ্যমান রূপ। সম্ভবত এ কারণেই ইতিহাসে স্বৈরতন্ত্র বইকে ভয় পেয়েছে। আগুন প্রথমে গ্রন্থাগারে যায়, কারণ ক্ষমতা জানে—একটি বইয়ের ভেতরে কখনো কখনো একটি সেনাবাহিনীর চেয়েও বেশি শক্তি লুকিয়ে থাকে। তবে মুসলিম বিশ্বের ট্র্যাজেডি শুধু এই নয় যে তার গ্রন্থাগারগুলো ধ্বংস হয়েছে। আরও বড় ট্র্যাজেডি হলো, আমরা ধীরে ধীরে গ্রন্থাগার হারানোর শোকও ভুলে গেছি।

আজ আমাদের শহরে আগের চেয়ে অনেক বেশি বিশ্ববিদ্যালয় আছে। অনেক বেশি শিক্ষার্থী আছে। তথ্যের প্রাচুর্যও অভূতপূর্ব। কিন্তু প্রশ্ন হলো, জ্ঞান কি সত্যিই বেড়েছে? তথ্য ও জ্ঞানের পার্থক্য এখানে গুরুত্বপূর্ণ। তথ্য মানুষকে সংবাদ দেয়, জ্ঞান মানুষকে দৃষ্টিভঙ্গি দেয়। তথ্য জানায় কী ঘটেছে; জ্ঞান বুঝতে শেখায় কেন ঘটেছে। একটি সভ্যতা তখনই সংকটে পড়ে, যখন সে তথ্য সংগ্রহকে জ্ঞানচর্চা বলে ভুল করতে শুরু করে।

মুসলিম বিশ্বের বর্তমান সংকটের একটি অংশ সম্ভবত এখানেই নিহিত। আমরা আমাদের অতীতকে স্মরণ করি, কিন্তু তার সঙ্গে সংলাপ করি না। আমরা ঐতিহ্যকে শ্রদ্ধা করি, কিন্তু তাকে নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করাই না। ফলে ঐতিহ্য ধীরে ধীরে জীবন্ত উত্তরাধিকার থেকে স্মারকে পরিণত হয়। কোনো সভ্যতার জন্য এর চেয়ে বড় বিপদ আর নেই।

কারণ সভ্যতার পতন শুরু হয় না তখন, যখন তার গ্রন্থাগার পুড়ে যায়। পতন শুরু হয় তখন, যখন গ্রন্থাগার অক্ষত থাকে কিন্তু পাঠক হারিয়ে যায়; যখন বই টিকে থাকে কিন্তু প্রশ্ন হারিয়ে যায়; যখন স্মৃতি সংরক্ষিত থাকে কিন্তু তার অর্থ বিস্মৃত হয়। এই অর্থে হারিয়ে যাওয়া গ্রন্থাগারের কান্না অতীতের কোনো বিলাপ নয়। এটি বর্তমানের প্রতিধ্বনি। সেই প্রতিধ্বনি আমাদের জিজ্ঞেস করে—আমরা কি সত্যিই আমাদের স্মৃতি রক্ষা করছি, নাকি শুধু তার ধ্বংসাবশেষ পাহারা দিচ্ছি? প্রশ্নটি ইতিহাসের নয়, ভবিষ্যতের।

লেখক : শিক্ষক, মাদরাসাতুল মানার মহাখালী ঢাকা।

লোক দেখানো আমলের ভয়াবহ পরিণতি | কালের কণ্ঠ