বাংলাদেশের ক্যান্সার গবেষণা, চিকিৎসা ও জনসচেতনতা বাড়াতে কাজ করা সংগঠন বাংলাদেশ ক্যান্সার কনসোর্টিয়াম (বিসিসি)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে এ কমিটি।
আজ রবিবার (১৭ আগস্ট) সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পাওয়া তথ্য অনুযায়ী, কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পোর্টসমাথ ইউনিভার্সিটি হসপিটালে কনসালটেন্ট অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন হিসেবে কর্মরত ডা. তাসমিয়া তাহমীদ। মহাসচিব ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)-এর অধ্যাপক ও ঢামেক হাসপাতালের নাক, কান, গলা ও নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান।
কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস (ইউরোলজিস্ট), প্রফেসর ডা. মতিউর রহমান মোল্লা (ম্যাক্সিলোফেসিয়াল সার্জন), প্রফেসর ডা. কামরুল আলম (প্রিন্সিপ্যাল, ঢাকা মেডিক্যাল কলেজ), ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান (পরিচালক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল), ডা. মো. আসিফ ইউনুস (অ্যাসোসিয়েট স্পেশালিস্ট, রয়েল সারে এনএইচএস ট্রাস্ট, ইংল্যান্ড) এবং প্রফেসর ডা. সৈয়দ মো. আকরাম হোসেন (অনকোলজিস্ট)।
কমিটি আগামী দুই বছর দেশের বিভিন্ন অঞ্চলে ক্যান্সার বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা উদ্যোগ এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ডা. তাসমিয়া তাহমীদ বলেন, বাংলাদেশে ক্যান্সার প্রতিরোধ ও এর চিকিৎসা ব্যবস্থায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আগামী দিনে গবেষণা, নীতিনির্ধারণ এবং সচেতনতা বাড়াতে আরো শক্তিশালী ভূমিকা রাখবে বিসিসি। এ ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করি।





