মানবজীবনের গন্তব্য এই দুনিয়া নয়, বরং দুনিয়া হলো এক যাত্রাপথ, যেখানে আমরা প্রস্তুতি নিই পরকালীন জীবনের জন্য। এই জীবনের শেষ প্রান্তে রয়েছে এমন এক জগৎ, যেখানে নেই দুঃখ, নেই বেদনা, নেই মৃত্যুর ভয়। আছে শুধু আনন্দ, প্রশান্তি আর পরম তৃপ্তির এক শাশ্বত জীবন। সেই জগতের নাম জান্নাত।
জান্নাতের বর্ণনা নিয়ে কুরআনুল কারিমে বহু স্থানে আলোচনা এসেছে। আল্লাহ তাআলা বলেন,
﴿فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ﴾
অর্থ : ‘কোনো মানুষই জানে না, তাদের জন্য কী আনন্দ-চক্ষু প্রশান্তিদায়ক বস্তু গোপন রাখা হয়েছে।’ (সূরা আস-সাজদাহ, আয়াত : ১৭)
এই অনুপম জান্নাতের সৌন্দর্য বোঝাতে মহানবী (সা.) বিভিন্ন সময়ে তার সাহাবিদের এমন সব দৃষ্টান্ত শুনিয়েছেন, যা শুধু হৃদয়কে নয়, বিশ্বাসকেও নেড়ে দেয়। এরই একটি দৃষ্টান্ত পাওয়া যায় সহিহ বুখারির বিখ্যাত এক বর্ণনায়।
এই হাদিসটি প্রথমবার শুনলে মনে হতে পারে, এটি যেন এক কল্পকাহিনি। কিন্তু এটি কোনো কল্পনা নয়—বরং এটি এমন এক বাস্তবতা, যা আল্লাহর প্রতিশ্রুত জান্নাতে বাস্তব রূপে অপেক্ষা করছে সৎকর্মশীল মুমিনদের জন্য।
عَنْ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيْرُ الرَّاكِبُ فِيْ ظِلِّهَا مِائَةَ عَامٍ لَا يَقْطَعُهَا
আনাস ইবনু মালিক (রা.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ আছে, যার ছায়ায় কোনো আরোহী শত বছর পর্যন্ত চললেও তা অতিক্রম করতে পারবে না। (সহিহ বুখারি, হাদিস : ৩২৫১; সহীহ মুসলিম, হাদিস : ২৮২৬)
জান্নাতের গাছের প্রতীকী ব্যাখ্যা
ইমাম নববী (রহ.) বলেন, এ হাদিসে জান্নাতের বিশালতা ও আল্লাহর করুণার অসীমতা প্রকাশ পেয়েছে। পৃথিবীর কোনো বাগানের গাছের ছায়া হয়তো কয়েক গজ, কয়েক হাত বা এক-দুই ঘণ্টার দূরত্বে শেষ হয়ে যায়; কিন্তু জান্নাতের গাছ এমন যে তার ছায়ায় শত বছর চলেও শেষ করা যাবে না!
পবিত্র কোরআনেও বলা হয়েছে,
﴿الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ طُوبَى لَهُمْ وَحُسْنُ مَآبٍ﴾
অর্থ: ‘যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে তূবা বৃক্ষ এবং উত্তম প্রত্যাবর্তন ‘ (সূরা রা’দ, আয়াত: ২৯)
এখানে তুবা শব্দ দ্বারা কি উদ্দেশ্য নেয়া হয়েছে এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এসেছে যে, এর অর্থঃ তাদের জন্য রয়েছে খুশী ও চক্ষু সিক্তকারী। ইকরিমা বলেন, এর অর্থঃ তাদের জন্য যা আছে তা কতইনা উত্তম! দাহহাক বলেন, এর অর্থঃ তাদের জন্য ঈর্ষান্বিত হওয়ার মত নেয়ামত। ইবরাহীম নাখায়ী বলেন, এর অর্থঃ তাদের জন্য কল্যাণ। কোন কোন বর্ণনায় এসেছে, তুবা হলো জান্নাতের একটি গাছের নাম। ( তাফসিরে ইবন কাসীর)
জান্নাতের পথে দুনিয়ার প্রস্তুতি
জান্নাতের এই বিশাল বৃক্ষ কেবল এক বাগানের চিত্র নয়; বরং এটি বিশ্বাসীদের জন্য এক চেতনা—যে, দুনিয়ার কষ্ট, ত্যাগ, সৎকাজ ও ধৈর্য বৃথা যাবে না।
যেমন মহনবী (সা.) বলেছেন—
‘জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টে এবং জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে ভোগে।” (বুখারি, হাদিস : ৬৪৮৭; মুসলিম, হাদিস : ২৮২২)
অর্থাৎ, জান্নাতের ছায়া পেতে হলে দুনিয়ার কষ্টের পথে চলতে হবে। নামাজ, দান, দয়া, পরহেজগারি—এইসবই জান্নাতের বীজ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতিটি প্রচেষ্টা যেন আমাদের জান্নাতের সেই গাছের ছায়ার দিকে এগিয়ে দেয়।
প্রিয় পাঠক! এই দুনিয়ার ছায়া ক্ষণিকের—কখনো ঘন, কখনো মিলিয়ে যায়। কিন্তু জান্নাতের ছায়া অনন্ত, যার নিচে নেই অন্ধকার, নেই অনিশ্চয়তা। আমরা যদি আজ নিজেদের আমল, নৈতিকতা ও আল্লাহভীতির আলোয় জীবন সাজাতে পারি, তবে একদিন সেই অনন্ত ছায়ায় বসার সৌভাগ্য আমাদেরও হতে পারে।
আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই জান্নাতের বৃক্ষের ছায়ায় আশ্রয় দেন—যেখানে থাকবে কেবল শান্তি, আনন্দ ও আল্লাহর সন্তুষ্টির আলো।





