সীতাকুণ্ডে পাহাড়ি এলাকায় আট বছর বয়সী শিশু ইরা হত্যা মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করবেন আদালত। হত্যাকাণ্ডের চার মাসের মাথায় আলোচিত এই মামলার রায় হতে চলেছে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ৭ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন বলেন, গত বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে আদালত মঙ্গলবার রায়ের জন্য দিন নির্ধারণ করেছেন। মামলার একমাত্র আসামি বাবু শেখ (৪৫) আদালতে ৩০ জুন সাফাই সাক্ষ্য দিয়েছেন। নিহত ইরার বাড়ি ছোটকুমিরা মাস্টারপাড়ায়। সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। বাবু শেখ ছিল তাদের প্রতিবেশী।


