• ই-পেপার

বরিশাল জেনারেল হাসপাতালে সব পরীক্ষা বন্ধ

রংপুরে রাস্তার গাছ কেটে বিক্রি জামায়াত নেতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে রাস্তার গাছ কেটে বিক্রি জামায়াত নেতার

রংপুরের মিঠাপুকুরের লতিবপুর ইউনিয়নে সামাজিক বনায়ন কর্মসূচির ৫০টি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সাফায়েত আলী এবং আওয়ামী লীগ নেতা বিপ্লব মিয়ার দিকে।

স্থানীয়দের দাবি, ঝড়ে উপড়ে পড়া কয়েকটি গাছ অপসারণের অজুহাতে রাস্তার পাশের আরো মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। এরই মধ্যে এক কাঠ ব্যবসায়ীর সঙ্গে গাছ বিক্রির দরদাম চূড়ান্ত করে অগ্রিম টাকাও নেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের তিনতালারহাট থেকে লতিবপুর গ্রামের সঙ্গে সংযুক্ত কাঁচা সড়কের দুই ধারে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রোপণ করা ইউক্যালিপটাসগাছ। সম্প্রতি ঝড়ে কয়েকটি গাছ উপড়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছ সরানোর কথা বলে রাস্তার ধারের আরো প্রায় ৫০টি পরিপক্ব গাছ কেটে ফেলা হয়।

 

 

কালীগঞ্জ বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরা প্রতিনিধি
কালীগঞ্জ বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ১০টার পর এই ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ জানান, শুক্রবার রাত ১০টার দিকে তিনি কয়েকজন নেতাকর্মীকে নিয়ে কার্যালয়ের অদূরে অবস্থান করছিলেন। এ সময় কার্যালয়ের ভেতরে আলো দেখতে পান। কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা দ্রুত কার্যালয়ের দিকে এগিয়ে গেলে বারান্দায় আরেকটি বিস্ফোরণ ঘটে। পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করলে আরেকটি বিস্ফোরণ ঘটে। কালীগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেন জানান, এ ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল খাঁ বাদী হয়ে গতকাল থানায় একটি মামলা দায়ের করেছেন।

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন

শরীয়তপুর শহরে এক নারীকে প্রকাশ্যে অপদস্থ ও নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। পূর্ববিরোধকে কেন্দ্র করে ওই নারীকে মারধর, চুল কেটে দেওয়া এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, তাঁকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে মুখে আলকাতরা মাখিয়ে গলায় জুতার মালাও পরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার উত্তর পালং এলাকার শাবনূর মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উত্তর পালং এলাকার বাসিন্দা মলি আক্তারের স্বামী বিদেশে কর্মরত। কিছুদিন ধরে প্রতিবেশী দেলোয়ার দপ্তরির পরিবারের সঙ্গে তাঁর আর্থিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিষয়টি নিয়ে সমাধানের কথা বলে তাঁকে একটি বাড়িতে ডেকে সেখানে নির্যাতন করা হয়।

সংক্ষিপ্ত

বগুড়ার শিবগঞ্জ এখন মহাস্থান

বগুড়া অফিস
বগুড়ার শিবগঞ্জ এখন মহাস্থান

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করা হচ্ছে। এই উপজেলার নতুন নাম ঠিক করা হয়েছে মহাস্থান উপজেলা। গত শুক্রবার রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এই ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে শিবগঞ্জ নামে আরো একটি উপজেলা আছে, যেটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জে। একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয়। এ জন্য আপনারা (শিবগঞ্জবাসী) সমর্থন দিলে শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণ করা হবে।’ শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ‘সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হওয়ায় মন্ত্রী মহোদয় শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণের কথা বলেছেন। খুব শিগগির তা বাস্তবায়ন করা হতে পারে।’