


নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রাজধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে এ রিমান্ডে নেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড আদেশ দেন। রিমান্ড শুনানি শেষে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আসামি আশিকা সুলতানা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তিনি বলেন, ‘আমি কী করেছি, কী অপরাধ আমার যে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে?’ এর আগে একই মামলায় গত শুক্রবার থেকে তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। গতকাল আসামিকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আল মামুন হোসাইন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে সিনেটে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন ডাকসুর পাঁচ সিনেট সদস্য।
গতকাল রাতে সিনেট অধিবেশন চলাকালে ওয়াক আউট করেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও সদস্য সাবিকুন্নাহার তামান্না। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁদের ওয়াকআউট না করার অনুরোধ জানান।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর শেখ পরিবারের আট শতাধিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার। বীরশ্রেষ্ঠসহ অন্যান্য নাম বিবেচনায় আনা যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।