ম্যাচ শুরুর আগে ইওয়াখিম ল্যোভের কণ্ঠে হতাশা ঝরছিল জার্মানদের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে। ম্যাচ শুরু হতে দেখা গেল তাঁর শঙ্কা মিথ্যে নয়। এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গেই তারা কুলিয়ে উঠতে পারছিল না। সকারুরা এদিন জিততেই পারত। ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় জার্মানদের ত্রাতা হয়ে এসেছেন লুকাস পোডলস্কির। ৮১ মিনিটে তাঁর গোলেই হার এড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১১ সালে সর্বশেষ দেখায় অস্ট্রেলিয়াই জিতেছিল, জার্মানিতেই স্বাগতিকদের হারিয়েছিল তারা ২-১ গোলে। তখন এই ফল অঘটন ধরা হলেও পরশু ঠিকই আবার নিজেদের দাপট দেখিয়েছে সকারুরা। ঘরের মাঠে মার্কো রয়েসের গোলে জার্মানি এগিয়ে গেলেও প্রথমার্ধেই সমতায় ফেরে অস্ট্রেলিয়া স্ট্রাইকার জেমস ত্রোইসির গোলে। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে অধিনায়ক মাইল জেদিনাকের ফ্রিকিকে এগিয়েও যায় তারা। ২-২ গোলের এই ড্র তাদের ইউরো বাছাইয়ে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার অপেক্ষা। এএফপি