১. কলিং বেল টিপলে কারেন্টের বিল উঠবে বলে দরজার কড়া নাড়েন? ২. জন্মদিনে পার্টি দিতে হবে বলে ফেসবুকে জন্ম তারিখ লুকিয়ে রাখেন? ৩. একটি ম্যাচের কাঠিকে মাঝখানে চিড়ে দুবার ব্যবহার করেন? ৪. সেলুন, তেল, শ্যাম্পুর খরচ বাঁচাতে হয় প্রায় ন্যাড়া হয়ে যান? ৫. পেপার স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পেপার পড়ে নেন? ৬. সামনে মুরগি মাংসের ছবি রেখে আলুভর্তা দিয়ে ভাত খান? ৭. ঘোড়ার ডিমের মতো ফ্রিতে পাওয়া ম্যাগাজিনের আগাগোড়া পড়ে ফেলেন? হে মহান পাঠক, এবার আপনাদের স্কোরের পালা। ওপরের যেকোনো ধাপের সঙ্গে আপনার কিপটেমি ম্যাচ করলে দুই টাকা ব্যাংকে ফেলবেন, মানে দুই নম্বর। আর না মিললে শূন্য। ০=আপনি শূন্য পেয়েছেন? মানে, আপনি দাতা হাতেম তাইর ভাইপো, তাই না? তবে সাত নম্বর সবার সঙ্গেই মিলে গেছে; তাই আপনার স্কোর দুই। ব্যাংকে দুই টাকা ফেলে পরের ধাপে চলে যান। ২-৬=আপনি শখের কিপটে। টুকটাক কিপটেমি করেন। ভাই শখের তো অভাব নেই। দরকার হলে শখের জোরে মডেল শখের ছবি জমান। নো কিপটেমি। ৮-১২=আশপাশের লোকজন যে আপনার ওপর বিরক্ত হতে শুরু করেছে, বুঝতে পেরেছেন? কিপটেমি ছাড়ুন, নয়তো সবাই আপনাকে ছেড়ে যাবে। ১৪=গ্যাব্রোভাল শহরে থেকে আমাদের জরিপে অংশ নেওয়ার জন্য আপনাকে অভিনন্দন।