আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১২ হাজার ২৯২ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। অবৈধ অভিবাসন ঠেকাতে দেশব্যাপী চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে এসব প্রবাসীকে ফেরত পাঠানো হয়। গতকাল রবিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জন আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে সাত হাজার ৭৫৯ জন, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে চার হাজার ৪৮৮ জন এবং শ্রম আইন অমান্য করায় তিন হাজার ৩৪৪ জনকে আটক করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে এক হাজার ৬২৯ জনকে গ্রেপ্তার করে যৌথ নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ান, ৪৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে সৌদি থেকে অবৈধ উপায়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক হয়েছেন আরো ৫৮ জন।
বর্তমানে মোট ২৭ হাজার ৪৪৫ জনের (২৫ হাজার ৪১২ জন পুরুষ এবং দুই হাজার ৩৩ জন নারী) আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের মধ্যে ১৬ হাজার ৯১২ জনকে ট্রাভেল পারমিট বা আউটপাস সংগ্রহের জন্য তাঁদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে (দূতাবাস) পাঠানো হয়েছে। এ ছাড়া চার হাজার ১৭৪ জনকে ফেরত পাঠানোর জন্য বিমানের টিকিট বুকিং সম্পন্ন করতে বলা হয়েছে।
এদিকে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন সুবিধা দেওয়া বা যেকোনো ধরনের সহযোগিতা করার অপরাধে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : গালফ নিউজ