• ই-পেপার

সংক্ষিপ্ত

কলকাতা বিমানবন্দরে তৃণমূল-বিজেপির তুমুল সংঘর্ষ

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, চালক নিহত

কালের কণ্ঠ ডেস্ক
যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, চালক নিহত

যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুই ট্রেনের সংঘর্ষ ঘটেছে। এতে একটি ট্রেনের চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮০ জনেরও বেশি যাত্রী। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। গত শুক্রবার স্থানীয় সময় বিকেলে ঘটেছে এই সংঘর্ষ। যুক্তরাজ্যের ইস্ট ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১১ জন যাত্রীর অবস্থা খুবই গুরুতর, ২২ জনের অবস্থা গুরুতর এবং ৫৬ জন আশঙ্কামুক্ত। রেল ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর বরাতে জানা গেছে, উভয় ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ড শহরের বাইরে সংঘর্ষ হয় ট্রেন দুটির। অল্প সময়ের মধ্যেই আহত যাত্রীদের উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন। লন্ডন পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রেন দুর্ঘটনার ব্যাপারে আমরা জানতে পেরেছি। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং চালকের মৃত্যু হয়েছে।’ সূত্র : এপি

বীমার টাকা পেতে নিজের পা কাটলেন যুবক

কালের কণ্ঠ ডেস্ক
বীমার টাকা পেতে নিজের পা কাটলেন যুবক

বীমার টাকা হাতিয়ে নিতে মানুষ কত কিছুই না করে! কিন্তু ব্রাজিলের এক বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক যা করলেন, তা এককথায় অবিশ্বাস্য ও ভয়ানক। প্রায় দুই কোটি ৮০ লাখ টাকা (১৫ লাখ এক হাজার ৭০৯ ব্রাজিলিয়ান রিয়াল) বীমার অর্থ পেতে এই যুবক নিজের পা নিজেই কেটে ফেলেন। ২০১৯ সালের এই অদ্ভুত বীমা জালিয়াতির ঘটনায় সম্প্রতি ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর বিষয়টি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভ্যান্ডারলি দোস সান্তোস গোমেস নামের ওই ব্যক্তি ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব রিকনকাভো দা বাহিয়াতে প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করতেন। স্বল্প আয়ের কারণে দ্রুত বিপুল অর্থ উপার্জনের একটি ষড়যন্ত্র করেন তিনি। সূত্র : উইয়ন নিউজ

গাজায় ইসরায়েলি হামলা ২ মেয়েসহ মা-বাবা নিহত

কালের কণ্ঠ ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলা ২ মেয়েসহ মা-বাবা নিহত

অবরুদ্ধ গাজার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে গাজা সিটির আল-থালাতিনি স্ট্রিট এলাকার একটি ভবনে এই হামলা চালানো হয়। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে রয়েছে এক বাবা ও তাঁর দুই মেয়ে চার বছর বয়সী জিনা এবং ১৪ বছর বয়সী লানা। আহত হন ওই দুই শিশুর মা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁদের স্বজন মোহাম্মদ সাফাদি জানান, এই হামলায় তিনি ও তাঁর স্ত্রী দুজনই আহত হয়েছেন। তিনি বলেন, ‘আমি বাড়িতে বসে ছিলাম। কোনো সতর্কবার্তা ছাড়াই রকেটটি আমাদের ওপর এসে পড়ে। দখলদার ইসরায়েল ও আলোচনাকারী দল যে যুদ্ধবিরতির কথা বলছে, এটা কি আসলেই যুদ্ধবিরতি? আমরা বেসামরিক নাগরিক। আমি কখনো অস্ত্র ধরিনি।’ সূত্র : আল জাজিরা

যুক্তরাষ্ট্রের চাপে সংস্কারের পথে হাঁটছে কিউবা

কালের কণ্ঠ ডেস্ক
যুক্তরাষ্ট্রের চাপে সংস্কারের পথে হাঁটছে কিউবা

যুক্তরাষ্ট্রের তৈরি করা চাপের মুখে পড়ে নিজেদের অর্থনৈতিক ব্যবস্থা সংস্কার করছে কিউবা। গত বৃহস্পতিবার দেশটির আইনপ্রণেতারা প্রায় ২০০ মুক্ত বাণিজ্যসংক্রান্ত সংস্কার সামনে নিয়ে এসেছেন। তাঁদের প্রত্যাশা, এই সংস্কারগুলো চলমান সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে।

আইনসভায় এক বক্তব্যে কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ১৭৬টি পদক্ষেপের বিষয়ে জানান। মূলত ওই সংস্কার পদক্ষেপগুলোর মধ্য দিয়ে অর্থনীতিতে রাষ্ট্রের হস্তক্ষেপ অনেকটাই সীমিত করা হয়েছে। পাশাপাশি ব্যাংকিং থেকে শুরু করে পর্যটন ও কৃষি খাতে বিনিয়োগ আনার চেষ্টা করা হয়েছে।

নতুন সংস্কারের অধীনে বিদেশি বিনিয়োগকারীদের আর রাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ব্যবসায় যেতে হবে না, বড় বেসরকারি প্রতিষ্ঠানকেও ব্যবসার অনুমতি দেওয়া হবে এবং কিউবান ও বিদেশি বিনিয়োগকারীরা রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে শেয়ার কিনতে পারবেন।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মুখে পড়েছে কিউবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে প্রকাশ্যেই কিউবা দখলে নেওয়ার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মাত্র ৯০ মাইল দূরে অবস্থিত রাষ্ট্রটি। সূত্র : আল জাজিরা