• ই-পেপার

ইরানে ৩০০ কোটি ডলার পাঠানোর খবর ভিত্তিহীন : আমিরাত

জনসংখ্যা সীমাবদ্ধ করতে সুইজারল্যান্ডে গণভোট আজ

কালের কণ্ঠ ডেস্ক
জনসংখ্যা সীমাবদ্ধ করতে সুইজারল্যান্ডে গণভোট আজ

কোনো দেশ কি তাদের জনসংখ্যার ওপর একটি নির্দিষ্ট সীমা আরোপ করতে পারে? আজ রবিবার এই প্রশ্নেরই উত্তর দেবে সুইজারল্যান্ড। দেশটির ভোটাররা তাঁদের জনসংখ্যা এক কোটিতে সীমাবদ্ধ করার একটি প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নিতে ভোটকেন্দ্রে যাবেন। জনসংখ্যা সীমিত করার বিষয়ে আজ সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হবে। দেশটিতে অভিবাসন নিয়ে সৃষ্ট বিভাজনের কারণে প্রস্তাবটি আনা হয়েছে। তবে প্রস্তাবটি অনুমোদিত হলে তা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটিকে সংঘাতের পথে ঠেলে দিতে পারে। ভোটারদের একটি সহজ প্রশ্ন করা হবে, সুইজারল্যান্ডের জনসংখ্যা কি এক কোটিতে সীমাবদ্ধ রাখা উচিত? যদি সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ হয়, তবে সুইজারল্যান্ড হবে ইউরোপের প্রথম দেশ, যারা জনসংখ্যার সীমা নির্ধারণ করবে। প্রস্তাবটি উত্থাপন করেছে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ডানপন্থী সুইস পিপলস পার্টি (এসভিপি)। সূত্র : বিবিসি, সিএনএন

 

ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা

কালের কণ্ঠ ডেস্ক
ভারতে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় আকবর মণ্ডল (৪৭) নামের এক দরিদ্র মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় তীব্র মুসলিমবিদ্বেষী ও ভীতিমূলক পরিবেশ তৈরি করা হয়েছে। এমনকি মুখে দাড়ি থাকার কারণে প্রায়ই মুসলিম ফেরিওয়ালাদের জোরপূর্বক ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করা হতো। গত ৯ জুন আকবর মণ্ডলকে হত্যা করা হয়। ভয় ও আতঙ্কের এই পরিস্থিতির কারণেই আমার বাবাকে খুন হতে হয়েছে বলে দাবি করেন তাঁর ২০ বছর বয়সী ছেলে জুলফিকার। জানা যায়, জুলফিকার দারিদ্র্যের কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। বাবার মতোই তিনি পুরুলিয়ার বান্দোয়ান এলাকায় ফেরিওয়ালার কাজ করেন। সূত্র : এনডিটিভি

ভারতে আস্ত মোবাইল টাওয়ার চুরি

কালের কণ্ঠ ডেস্ক
ভারতে আস্ত মোবাইল টাওয়ার চুরি

ভারতের বিহারে আস্ত রেললাইন বা সেতু চুরির পর এবার যুক্ত হলো আরেকটি অবিশ্বাস্য ঘটনা। রাজ্যের বক্সার জেলায় একটি বসতি এলাকা থেকে ১৩২ ফুট লম্বা আস্ত এক মোবাইল টাওয়ারই ‘উধাও’ হয়ে গেছে। শুধু টাওয়ারই নয়, সঙ্গে থাকা একটি ১৫ কেভিএ জেনারেটর এবং অন্যান্য টেলিকম সরঞ্জামও চোরেরা হাওয়া করে দিয়েছে।

ঘটনাটি ঘটেছে বক্সারের ডুমরাওঁ এলাকায়। ইটিভি ভারতের প্রতিবেদন অনুযায়ী, জিটিএল ইনফ্রাস্ট্রাকচার কম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা যখন বেশ কয়েক বছর ধরে অচল পড়ে থাকা টাওয়ারটি মেরামত করতে যান, তখন এই আজব চুরির বিষয়টি সামনে আসে। ঘটনাস্থলে গিয়ে কম্পানির কর্মীরা দেখেন, সেখানে ১৩২ ফুটের সেই বিশাল টাওয়ার কিংবা জেনারেটরের কোনো অস্তিত্বই নেই। এরপর কম্পানির পক্ষ থেকে ডুমরাওঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে।

এদিকে যে জমির ওপর টাওয়ারটি বসানো হয়েছিল, সেই জমির মালিক হরেনাথ যাদব জানান, ২০১০ সালে টেলিকম কম্পানির সঙ্গে তাঁর জমিতে টাওয়ার বসানোর জন্য ১২ বছরের একটি চুক্তি হয়েছিল। ২০২২ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে জমির ভাড়ার টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। সূত্র : উইয়ন নিউজ

সংক্ষিপ্ত

কলকাতায় মমতার বিরুদ্ধে মামলা

কালের কণ্ঠ ডেস্ক
কলকাতায় মমতার বিরুদ্ধে মামলা
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা করা হয়েছে। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এই মামলা করা হয়। এক নির্বাচনী প্রচারসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে কলকাতার হেয়ার স্ট্রিট থানা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। এতে তাঁর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, উসকানিমূলক বক্তব্য প্রদান, ভীতি সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া