অফিস সহায়ক পদে ২৮০ জন কর্মী নিয়োগ দেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ৮ জুলাই ২০২৬ বিকাল ৪টার মধ্যে। অফিস সহায়ক পদের কর্মীরা সাধারণত পিয়নের কাজ করেন; যেমন—ডাক বিতরণ, ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে নেওয়া, বিভিন্ন কাজে সহায়তা ইত্যাদি।
আবেদনের যোগ্যতা ও বেতন
স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)। আবেদন ফি : ৫৬ টাকা।
অফিস সহায়ক পদের প্রস্তুতি
বাংলা : বাংলা ব্যাকরণ, বানান শুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, বাক্য সংশোধন, শুদ্ধ-অশুদ্ধ, প্রবাদ-প্রবচন, সাহিত্যিক ও তাঁদের রচনা।
ইংরেজি : Parts of Speech, Tense, Voice Change, Narration, Right Form of Verb, Preposition, Article, Synonym, Antonym, Spelling, Sentence Correction, Translation, Vocabulary, Idioms and Phrases.
গণিত : যোগ-বিয়োগ-গুণ-ভাগ, ভগ্নাংশ, শতকরা, লাভ-ক্ষতি, সুদ কষা, অনুপাত-সমানুপাত, গড়, বয়স, সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, দূরত্ব ও গতি, সরল সমীকরণ, সংখ্যা, এলসিএম-জিসিএম।
সাধারণ জ্ঞান : বাংলাদেশ বিষয়ক—বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতীয় দিবস, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ভৌগোলিক পরিচিতি, চলতি ঘটনা, খেলাধুলা, অর্থনীতি, সাহিত্য ও সংস্কৃতি। আন্তর্জাতিক বিষয়ক—জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব ইতিহাস, বিভিন্ন দেশের মুদ্রা-রাজধানী, সাম্প্রতিক বিশ্ব ঘটনা, গুরুত্বপূর্ণ চুক্তি, ভূগোল, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক পুরস্কার।
প্রার্থী যাচাই
প্রার্থীর দাখিলকৃত তথ্য কিংবা কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে; পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে তাঁর বিরদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও যদি ভুল তথ্য বা জাল কাগজপত্রের প্রমাণ পাওয়া যায়, তাহলেও প্রার্থিতা বাতিল করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
প্রয়োজনীয় কাগজপত্র
প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শন করে প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি।
প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ)।
প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি করপোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি করপোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
কোটা প্রার্থীদের ক্ষেত্রে, সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি করপোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (সাবেক প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ; জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত অনুলিপি; সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি।




