• ই-পেপার

ভোলায় শ্যামা পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে ট্রাক্টরসহ আটক ৩

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে ট্রাক্টরসহ আটক ৩
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে তিনটি মাটি ভর্তি ট্রাক্টরসহ তিনজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। 

মঙ্গলবার (২৩ জুন) ভোর ৩টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের লোকনাথপুর এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি ট্রাক্টরগুলো আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বাক্কা চাকলার ছেলে নাফিস হাসান (২৫),তারানিপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের মৃত আমির আলীর ছেলে রাকিব হোসেন (২৫)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবা উদ্দিন বলেন, ভোর রাতে অভিযান চালিয়ে মাটি ভর্তি তিনটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পাশাপাশি এ কাজে জড়িত অন্যান্য সহযোগীদের বিরুদ্ধেও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৮ধারা অনুযায়ী মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মামলার প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিদের আজ মঙ্গলবারই আদালতে পাঠানো হবে। এই অভিযান অব্যহত থাকবে বলে ও জানান তিনি। 

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে, ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে।এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

হবিগঞ্জ

হ্যান্ডকাফসহ আসামির পলায়ন, এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি
হ্যান্ডকাফসহ আসামির পলায়ন, এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

হবিগঞ্জের মাধবপুরে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করতে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে ডিবি পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ জুয়েল মিয়া (৩০)  নামে এক আসামি পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শামীম আহমেদ। ঘটনার পর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক এসআই ও পাঁচ কনস্টেবলকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বিকেলে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন কনস্টেবল সাজ্জাদ হোসেন, ইয়াকুব মিয়া, মো. আলমগীর কবির এবং সদর মডেল থানার কনস্টেবল শরীফুল ইসলাম খান ও মো. সোহাগ মিয়া। অভিযান চালিয়ে দেবনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে ও সন্দেহভাজন মাদক কারবারি জুয়েল মিয়াকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে হ্যান্ডকাফ পরানোর সময় জুয়েল পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এতে ডিবির দুই সদস্য আহত হন। পরে স্থানীয় কিছু লোক ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে আসামি জুয়েল হ্যান্ডকাফসহ পালিয়ে যান।

ধর্মঘর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মামুন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, ডিবি সদস্যরা সাদা পোশাকে থাকায় অনেকেই তাদের মাদক কারবারি মনে করেছিলেন। এ ভুল বোঝাবুঝি থেকেই হাতাহাতির সূত্রপাত হয়। ঘটনার পর জুয়েলসহ সংশ্লিষ্ট কয়েকজন এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে ঘটনার দুদিন পর, ১৭ জুন প্রশাসনিক কারণ দেখিয়ে ডিবির এসআই মো. সাইফুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদ হোসেন, ইয়াকুব মিয়া ও মো. আলমগীর কবির এবং সদর থানার কনস্টেবল শরীফুল ইসলাম খান ও মো. সোহাগ মিয়াকে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা সেখানে দায়িত্ব পালন করবেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, ‘সদর থানার দুই কনস্টেবলের মধ্যে শরীফুল ইসলাম আগে থেকেই বদলি হয়েছেন। আর কনস্টেবল সোহাগ মিয়া আমার জ্ঞাতসারে সেখানে যাননি। অনুমতি ছাড়া যাওয়ায় ওই দিন তাকে অনুপস্থিত দেখানো হয়েছে। ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের দায় পুলিশ প্রশাসন নেবে না।’

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শামীম আহমেদ বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তবে ডিবির একজন এসআইসহ চার সদস্যকে প্রত্যাহারের পেছনে বিভিন্ন প্রশাসনিক কারণ থাকতে পারে’। এ বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে কথা বলতে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করার হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও সাড়া পাওয়া যায়নি।

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
সংগৃহীত ছবি

খুলনায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল সেট উদ্ধার করে মালিকদের কাছে তুলে দিয়েছেন জেলা পুলিশের সদস্যরা। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব মোবাইল উদ্ধার করে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছ এসব মোবাইল সেট হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, মোবাইল ফোন হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।

তিনি আরো জানান, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও সাইবার অপরাধ দমনে পুলিশ সর্বদা সচেষ্ট ও তৎপর রয়েছে। জেলা পুলিশ প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে পেশাদার, দক্ষ ও আন্তরিকভাবে কাজ করছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল প্রমুখ।

ছেলে ছাত্রলীগ, ‘ত্যাজ্য’ করলেন বাবা

গোপালগঞ্জ প্রতিনিধি
ছেলে ছাত্রলীগ, ‘ত্যাজ্য’  করলেন বাবা
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছেলেকে ত্যাজ্য ঘোষণা দিয়েছেন বাবা আব্দুল ওহাব শেখ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গি এলাকার ফার্নিচারের দোকানে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

আব্দুল ওহাব শেখ (৬৫) উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার ছেলে সজীব শেখের কোনো পদ-পদবী না থাকলেও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন ওহাব শেখ। 

লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু তার কোনো পদ-পদবী নেই।

ওহাব শেখ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারি সজীব ছাত্রলীগের সঙ্গে যুক্ত রয়েছে। তাকে অনেক বোঝানো হলেও কিছুতেই বুঝতে চায় না সে। তাই তাকে ত্যাজ্য করলাম। 

তিনি আরো বলেন, এখন থেকে সজীবের কোনো কার্যক্রমে আমাদের কোনো দায় থাকবে না, তার দায়িত্ব সম্পূর্ণ নিজের। 

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভোলায় শ্যামা পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা | কালের কণ্ঠ