থ্রিজি প্রযুক্তির সম্ভাবনা ও শিক্ষামূলক ব্যবহারের বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) 'রবি-ডিইউআইটিএস ক্যাম্পাস ৩.৫ জি ডে'র আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)। দিনব্যাপী এ আয়োজনে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি গেইমিং, কুইজ ও থ্রিজি প্রযুক্তিবিষয়ক কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। গতকাল টিএসসিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ডিইউআইটিএসের সাধারণ সম্পাদক মাফরুহ-উর রহমান ফারুকি বলেন, 'থ্রিজি নেটওয়ার্ক মানেই যে ইউটিউব আর ফেইসবুক নয়, এ ধারণা বদলাতেই আমাদের এই আয়োজন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সর্বাধুনিক ইন্টারনেট প্রযুক্তির শিক্ষামূলক ব্যবহার বিষয়ে জানার সুযোগ পাবে।' উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ও ডিইউআইটিএসের উপদেষ্টা ড. মুহাইমিন-আস সাকিব, রবির রিজিওনাল ম্যানেজার বিপ্লব ব্যানার্জি এবং এরিকসন বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মেহনাজ কবির।