ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা বাজারের দুটি গুদাম ও একটি দোকান থেকে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকৃত জাল জড়ো করে বাজারেই পুড়িয়ে ফেলা হয়েছে। আর এ ঘটনায় দুই ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও অন্য এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সেখানে জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন ও সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। নান্দাইল চৌরাস্তা বাজারে গিয়ে দেখা যায়, বিপুল পরিমাণ জাল পোড়ানো হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত জানান, দুটি গুদাম তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও একটি দোকানে ২৬টি নিষিদ্ধ জাল পাওয়া গেছে।

