সাভারে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বনগাঁও সাধাপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পুলিশ হেফাজতে রেখে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাভার মডেল থানার ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামির নাম মো. আব্দুল বাতেন (৪২)। তিনি সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর গ্রামের মৃত এসহাক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় অভিযান চালিয়ে দুই হত্যা মামলার আসামি আব্দুল বাতেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি পুলিশের হাত থেকে পালাতে দোতলা ভবনের ছাদ থেকে একটি গাছ বেয়ে নিচে নামার সময় লাফ দিলে পা পিছলে পড়ে আহত হন। পরে তাকে পুলিশ হেফাজতে রেখে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাভার মডেল থানার ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র হত্যার ঘটনায় করা দুই মামলার আসামি আব্দুল বাতেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তিনি পালানোর চেষ্টাকালে আহত হন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি জানান, সুস্থ হলে আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।







