আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পরের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। তবে এবারের ঈদযাত্রায় অতিরিক্ত চাহিদা সামাল দিতে বাড়েনি আসনসংখ্যা।

ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার কোনো টিকিটই ফেরতযোগ্য নয়। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ছাড়া) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এবারও সার্ভারে চাপ কমাতে একসঙ্গে ছাড়া হবে না সব টিকিট। সকাল ৮টা থেকে পাওয়া যাবে পশ্চিমাঞ্চলের টিকিট। দুপুর ২টা থেকে মিলবে পূর্বাঞ্চলের। একজন যাত্রী দিনে একবারই টিকিট সংগ্রহ করতে পারবেন, সর্বোচ্চ চারটি। তবে ফেরত দেওয়ার সুযোগ থাকছে না অগ্রিম সংগ্রহ করা এসব টিকিট।

ঈদযাত্রা ঘিরে ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট, ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট, ১৫ মে মিলবে ২৫ মের টিকিট, একইভাবে ১৬ মে পাওয়া যাবে ২৬ মের টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট।

ঈদের ফিরতি যাত্রার ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ এবং ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট, ২৩ মে মিলবে ২ জুনের টিকিট, ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন।

রেলের তথ্য অনুযায়ী, এবারের ঈদে যাত্রীবাহী বিশেষ ট্রেন চলবে ১০টি। সেই সঙ্গে থাকছে দুটি পশুবাহী বিশেষ ট্রেন। যাত্রীবাহী ট্রেনগুলোর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ পর্যন্ত চলবে তিস্তা স্পেশাল এবং চট্টগ্রাম থেকে চাঁদপুরের পথে চাঁদপুর স্পেশাল।

এ দুই জোড়া অর্থাৎ চারটি ট্রেন আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরের তিন দিন চলাচল করবে।

আর জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত পার্বতীপুর স্পেশাল ট্রেনটি ঈদের আগে ২৪ থেকে ২৬ মে তিন দিন এবং ঈদের পর তিন দিন চলবে। অন্য চারটি বিশেষ ট্রেন চলবে শুধু ঈদের দিন। এগুলো ভৈরব ও ময়মনসিংহ থেকে যাবে শোলাকিয়ার ঈদগাহের উদ্দেশে। পশু পরিবহনে বিশেষ ট্রেন দুটি চলবে ২২ ও ২৩ মে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে ঢাকা (কমলাপুর), তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে।