শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা চাই বছরজুড়ে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আমাদের তুলে ধরবে এই বিশ্বাস আমাদের রয়েছে।’

গতকাল শনিবার চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারা দেশে মেধাবীদের খুঁজে বেড়াচ্ছেন। বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি। সে জায়গায় যেন আগামী দিনে আমাদের হিস্যা বুঝে পাই, আমাদের সন্তানরা যাতে বিশ্বমানের খেলাধুলায় অংশ নিতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে তিনি নতুন কুঁড়ি শুরু করেছেন।’

মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।