<p>ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস সচিব তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) ফেসবুকে এ বিষয়ে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন সংস্কৃতিমনা মিস্টার ত্রিবেদী। ভালো সেতার বাজাতে জানেন বলে শুনেছি। বাংলায় কথা বলার পাশাপাশি বাংলা গান তথা বাঙালি সংস্কৃতি সম্পর্কেও সম্যক অবগত।’</p> <p>তারিক চয়ন লিখেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে সম্প্রতি ভোট দেওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যম ত্রিবেদীর কাছে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নতুন দায়িত্ব এবং ভূমিকা সম্পর্কে জানতে চায়। জবাবে তিনি ভারতের কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার জনপ্রিয় একটি গানের প্রসঙ্গ টেনে বলেন, দেখুন গণতন্ত্রে...আজ এখানে যে (ভোট) উৎসব হচ্ছে...বাংলাদেশেও একই (ভোট) উৎসব কয়েক মাস আগে হয়েছে। ভূপেন হাজারিকা আমার খুব কাছের ছিলেন। তাঁর একটি গান আমার খুব পছন্দের।’ তারপর তিনি গঙ্গা আমার মা, পদ্মা আমার মা— গানটি শুনান। তিনি বলেন, ‘আমি জানি না কেন যেন আজ ভূপেন হাজারিকার সেই গানটি আমার মনে পড়ছে।’</p> <p> </p>