• ই-পেপার

আসামে ধর্মীয় অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ ২ শতাধিক

আলিবাবা ও বিওয়াইডিসহ ১৮৮ চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
আলিবাবা ও বিওয়াইডিসহ ১৮৮ চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ছবি : রয়টার্স

চীনা প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বিশ্বখ্যাত অনলাইন কেনাকাটার মাধ্যম ‘আলিবাবা’, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা ‘বিওয়াইডি’ ও সার্চ ইঞ্জিন ‘বাইডু’-সহ বেশ কয়েকটি বড় চীনা কম্পানিকে তাদের সামরিক তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে এই কম্পানিগুলো এখন থেকে মার্কিন সরকারের কোনো প্রতিরক্ষা চুক্তি পাবে না।

সোমবার (৮ জুন) পেন্টাগন এই তালিকাটি হালনাগাদ করেছে। ২০২১ সালে মার্কিন কংগ্রেসের নির্দেশে এই তালিকা তৈরির কাজ শুরু হয়। এর উদ্দেশ্য হলো এমন সব চীনা সংস্থাকে চিহ্নিত করা, যারা সরাসরি বা পরোক্ষভাবে চীনের সামরিক ও প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে সাহায্য করছে। গত বছর এই তালিকায় প্রায় ১৩০টি প্রতিষ্ঠান থাকলেও, এই বছর তা বাড়িয়ে ১৮৮টিতে করা হয়েছে।

এই তালিকায় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘ডিজেআই’ আগে থেকেই ছিল। এবার নতুন করে যুক্ত হয়েছে ‘ইউনিট্রি’ নামের একটি রোবটিক্স কোম্পানি, যাদের নাচতে পারা রোবট আমেরিকার জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকা'স গট ট্যালেন্ট’-এ বেশ সাড়া ফেলেছিল।

পেন্টাগনের দাবি, আলিবাবা, বিওয়াইডি ও বাইডুর মতো প্রতিষ্ঠানগুলো চীনের ‘শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়’-এর সাথে যুক্ত থেকে দেশটির প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে শক্তিশালী করতে সাহায্য করছে। এসব কম্পানি বেসামরিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দাবি করলেও, চীনা সামরিক বাহিনী তাদের উন্নত প্রযুক্তি ও দক্ষতা হাতিয়ে নিতে চাইছে।

নতুন এই তালিকার পর মার্কিন আইনপ্রণেতারা দাবি তুলেছেন, তালিকায় থাকা যেসব চীনা কম্পানির শেয়ার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন হয়, সেগুলোকে যেন অবিলম্বে বাদ দেওয়া হয় এবং কোনো মার্কিন কম্পানি যেন এদের সাথে ব্যবসা না করে।

পেন্টাগনের এই সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। এক বিবৃতিতে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার অজুহাত তুলে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছে। চীন জানিয়েছে, তাদের কম্পানিগুলো আন্তর্জাতিক সব আইন মেনেই ব্যবসা করে। তাই আমেরিকার উচিত এই অন্যায় তালিকা তৈরি বন্ধ করে চীনা কম্পানিগুলোর জন্য একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা। নিষেধাজ্ঞা পাওয়া আলিবাবা, বিওয়াইডি বা বাইডুর পক্ষ থেকে অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র : গালফ নিউজ

হরমুজে মার্কিন হামলায় তেলের ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় ক্রু উদ্ধার

অনলাইন ডেস্ক
হরমুজে মার্কিন হামলায় তেলের ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় ক্রু উদ্ধার
সংগৃহীত ছবি

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির দক্ষিণে মার্কিন হামলায় আগুন লাগা তেলের ট্যাংকার থেকে ২৪ ভারতীয় ক্রুকে অক্ষত উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) ওমান কর্তৃপক্ষের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়। দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমটি জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের বন্দরের দিকে যাওয়ার অভিযোগে ‘এমটি মারিভেক্স’ নামের একটি খালি তেলের ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র হামলার পর জাহাজটি বিকল হয়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, পালাউয়ের পতাকাবাহী এমটি মারিভেক্স জাহাজটি আন্তর্জাতিক জলসীমা দিয়ে ইরানের দিকে যাচ্ছিল। মার্কিন নৌবাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করা এবং দিকনির্দেশনা না মানায় বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ থেকে একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান জাহাজটি লক্ষ্য করে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি জাহাজের ইঞ্জিন ও স্টিয়ারিং রুমে আঘাত হানে, যার ফলে জাহাজটি বিকল হয়ে পড়ে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, জাহাজটি ইরানের ওপর চলমান অবরোধ লঙ্ঘন করার চেষ্টা করছিল।

এদিকে, ভারত সরকারের পক্ষ থেকে মার্কিন হামলার বিষয়টি সরাসরি উল্লেখ না করা হলেও জানানো হয়েছে যে, জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিককে ওমান কর্তৃপক্ষের দ্রুত সহায়তায় সম্পূর্ণ নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এই উদ্ধার অভিযানের জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আক্রান্ত জাহাজটি ভারতের মালিকানাধীন নয় এবং এটি মার্কিন প্রশাসনের (ওএফএসি) কালো তালিকাভুক্ত ছিল।

সূত্রমতে, জাহাজটি গত কয়েক দিন ধরে মার্কিন নৌবাহিনীর সতর্কতা এড়ানোর জন্য একাধিকবার চেষ্টা চালিয়েছিল। ট্র্যাকিং সিগন্যাল বা লোকেশন ডিভাইস বন্ধ করে ওমানের জলসীমা ব্যবহার করে জাহাজটি অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এই হামলার শিকার হয়।

পাকিস্তানের চেয়ে ভারতের পারমাণবিক অস্ত্র এখন বেশি, বলছে গবেষণা

অনলাইন ডেস্ক
পাকিস্তানের চেয়ে ভারতের পারমাণবিক অস্ত্র এখন বেশি, বলছে গবেষণা
সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে পারমাণবিক শক্তির প্রতিযোগিতা দিন দিন আরো তীব্র হচ্ছে। এই প্রতিযোগিতায় পাকিস্তান ও ইসরায়েলকে ছাড়িয়ে গেছে ভারত। সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ (সিপ্রি)-এর ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার (৮ জুন) প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সাল জুড়ে ভারত তার পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আরো বাড়িয়েছে। বর্তমানে ভারতের কাছে পরমাণু বোমার সংখ্যা পাকিস্তানের চেয়ে ২০টি বেশি।

সিপ্রি-এর হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত ভারতের কাছে মোট ১৯০টি পারমাণবিক যুদ্ধাস্ত্র (ওয়ারহেড) রয়েছে। অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে ১৭০টি। শুধু তাই নয়, ভারত ইতিমধ্যেই ১২টি পারমাণবিক যুদ্ধাস্ত্র সরাসরি মোতায়েন করে রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই পরমাণু কর্মসূচির মূল লক্ষ্য এখন আর শুধু পাকিস্তান নয়, বরং পুরো চীনজুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার অস্ত্র তৈরি করা। তবে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার বিষয়টিকেও মাথায় রাখছে নয়াদিল্লি। অন্যদিকে, পাকিস্তানও বসে নেই। ধারণা করা হচ্ছে, আগামী এক দশকে পাকিস্তানের পরমাণু অস্ত্রাগারও আরো বড় হবে।

প্রতিবেদনে গত ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনার কথা উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, মে মাসে পাকিস্তান সীমান্তের ওপারে সন্ত্রাসী আস্তানা ধ্বংস করতে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান শুরু করে ভারত। সিপ্রি মনে করে, দুই দেশের এই সংঘাত পারমাণবিক ঝুঁকির আশঙ্কাকে আরো বাড়িয়ে দিচ্ছে।

বিশ্বে বর্তমানে নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এই দেশগুলোর কাছে মোট ১২,১৮৭টি পারমাণবিক বোমা রয়েছে। বিশ্বের মোট ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্রের প্রায় ৮৩ শতাংশই রয়েছে রাশিয়া ও আমেরিকার কাছে।

সূত্র : মিন্ট

যৌথ যুদ্ধবিমান প্রকল্প বাতিল করল জার্মানি-ফ্রান্স

অনলাইন ডেস্ক
যৌথ যুদ্ধবিমান প্রকল্প বাতিল করল জার্মানি-ফ্রান্স

ইউরোপের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা প্রকল্প হিসেবে বিবেচিত নতুন প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণ কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ও ফ্রান্স। দীর্ঘদিন ধরে শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মতবিরোধ ও অচলাবস্থার কারণে প্রকল্পটি এগিয়ে নেওয়ার সম্ভাবনা না থাকায় দুই দেশের শীর্ষ নেতারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত সপ্তাহে মন্টিনিগ্রোতে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন-পশ্চিম বলকান সম্মেলনের ফাঁকে এ বিষয়ে আলোচনা করেন। জার্মান কর্মকর্তারা মনে করেন, প্রকল্পে জড়িত অস্ত্র ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েক মাস ধরে চলা অচলাবস্থা নিরসনের কোনো সম্ভাবনা দেখা যায়নি।

আরো পড়ুন
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার

 

এর পরিপ্রেক্ষিতে ফ্রিডরিখ মার্জ ম্যাক্রোঁকে যৌথ যুদ্ধবিমান নির্মাণ পরিকল্পনা নিয়ে আর না এগোনোর পরামর্শ দেন।

ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, দুই নেতা দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং জার্মানি ও স্পেনের প্রতিনিধিত্বকারী ইউরোপীয় মহাকাশ প্রতিষ্ঠান এয়ারবাস এবং ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের মধ্যে সমঝোতা না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেছেন।

প্রকল্পটির সমাপ্তি এমন এক সময়ে ঘটছে, যখন পশ্চিমা সামরিক কর্মকর্তারা রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি নিয়ে সতর্ক করছেন এবং যুক্তরাষ্ট্র ইউরোপকে নিজেদের সামরিক সক্ষমতা জোরদারের জন্য চাপ বাড়াচ্ছে।

আরো পড়ুন
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩

 

২০১৭ সালে সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে যৌথভাবে প্রকল্পটি শুরু করেছিলেন ম্যাক্রোঁ। তিনি দীর্ঘদিন ধরে এ উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রকল্প বাতিল হলেও ফ্রান্স-জার্মানির প্রতিরক্ষা সহযোগিতা উভয় দেশ এবং ইউরোপীয় অংশীদারদের জন্য এখনো গুরুত্বপূর্ণ।

প্রায় ১০০ বিলিয়ন ইউরো মূল্যের এই প্রকল্পের অংশীদার ছিল স্পেনও। বিশ্লেষকদের মতে, প্রকল্পটির ব্যর্থতা ইউরোপের সামরিক সক্ষমতা পুনর্গঠনের ক্ষেত্রে দীর্ঘদিনের চ্যালেঞ্জকেই সামনে নিয়ে এসেছে।

আরো পড়ুন
ট্রাম্পের আরোপ করা ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

ট্রাম্পের আরোপ করা ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

 

প্রকল্পটির মূল লক্ষ্য ছিল একটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা, যা ড্রোন ও অত্যাধুনিক ‘কমব্যাট ক্লাউড’ প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। তবে প্রযুক্তিগত নিয়ন্ত্রণ, মেধাস্বত্ব এবং উন্নয়ন প্রক্রিয়ার নেতৃত্ব নিয়ে এয়ারবাস ও দাসোর মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল।

একটি ইউরোপীয় সূত্র জানিয়েছে, প্রকল্পের মূল যুদ্ধবিমান অংশ বাতিল হলেও ‘ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস)’ নামের আওতায় কিছু প্রযুক্তি উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে নিরাপদ যোগাযোগভিত্তিক ‘কমব্যাট ক্লাউড’ ব্যবস্থাও রয়েছে।

জার্মানির প্রভাবশালী শ্রমিক ইউনিয়ন আইজি মেটাল প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির উপ-চেয়ারম্যান ইয়ুর্গেন কার্নার বলেন, দীর্ঘদিন ধরেই স্পষ্ট ছিল যে দাসো ও এয়ারবাস সমমর্যাদার অংশীদার হিসেবে কাজ করতে পারবে না। এই সিদ্ধান্ত জার্মানির বিমান শিল্প ও কর্মসংস্থানের স্বার্থে প্রয়োজনীয় ছিল।

আরো পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

 

এদিকে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেন, প্রকল্পটির ব্যর্থতা ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতার জন্য একটি বড় ধাক্কা।

আন্তর্জাতিক কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান আইআইএসএস-এর সামরিক বিমান বিশেষজ্ঞ ডগলাস ব্যারি বলেন, এটি ওয়াশিংটন কিংবা মস্কো—কোনো পক্ষের কাছেই ইতিবাচক বার্তা নয়।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক ফ্রান্সিস টুসা বলেছেন, প্রকল্পটি গত তিন বছর ধরেই কার্যত জীবনরক্ষাকারী ব্যবস্থার ওপর টিকে ছিল।

অন্যদিকে চ্যান্সেলর মার্জ প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন, জার্মান বিমানবাহিনীর জন্য মানবচালিত ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান আদৌ প্রয়োজন কি না। তিনি আরো বলেছেন, জার্মানির এমন কোনো পারমাণবিক সক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানের প্রয়োজন নেই, যা বিমানবাহী রণতরীতে অবতরণ করতে পারে।

সূত্র : রয়টার্স

আসামে ধর্মীয় অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ ২ শতাধিক | কালের কণ্ঠ