<p>লাঞ্চ বিরতির পর মাঠে ফেরার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কালো মেঘে ঢেকে গেছে মিরপুরের আকাশ।</p> <p>লাঞ্চের ৪০ মিনিট বিরতি শেষে খেলা শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। তবে হঠাৎ বৃষ্টি নামায় দ্রুত পিচ ঢেকে দেওয়া হয় কাভারে। আকাশে ঘন মেঘের কারণে স্টেডিয়ামজুড়ে প্রায় অন্ধকার পরিস্থিতিও তৈরি হয়।</p> <p>এর আগে প্রথম সেশনে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ দল। দুই ওপেনারের উইকেট হারালেও মমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দৃঢ় ব্যাটিংয়ে লাঞ্চ পর্যন্ত ২ উইকেটে ৯৩ রান তোলে বাংলাদেশ।</p> <p>প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া স্বাগতিকরা সব মিলিয়ে এখন পাকিস্তানের চেয়ে ১২০ রানে এগিয়ে। মমিনুল ৩৭ ও নাজমুল ৩৪ রানে অপরাজিত আছেন।</p>