মাত্র ১৫ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। সবচেয়ে কম বয়সী এবং দ্রুততম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই কিশোর সেনসেশন।

আইপি এলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ সিরাজকে সোজা মাঠের ওপর দিয়ে ছক্কা মেরে ১০০ ছক্কার রেকর্ড পূর্ণ করেন সূর্যবংশী।

মাত্র ৫১৪ বল খেলেই টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা পূর্ণ করেছেন তিনি। বয়স তখন ১৫ বছর ৪৩ দিন। এর আগে সবচেয়ে দ্রুত এই মাইলফলকে পৌঁছানোর রেকর্ড ছিল কারানবীর সিংয়ের। ৮১৩ বলে এই কীর্তি গড়েছিলেন তিনি। তালিকায় এরপর আছেন কাইরন পোলার্ড।

গতকালের ম্যাচে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩৬ রান করেন বাঁহাতি এই ব্যাটার। ২০২৪ সালে অভিষেকের পর মাত্র ১৯ ম্যাচেই তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১০২।

চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন সূর্যবংশী। ১১ ম্যাচে ৪৪০ রান করে তিনি বর্তমানে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। তার গড় ৪০ এবং স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতো—২৩৬.৫৫। এবারের আসরে ইতিমধ্যেই একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিও করেছেন এই তরুণ।