পঞ্চগড়ে বজ্রাঘাতে সোহরাওয়ার্দী (২৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোস্তফা কামাল (৪৬) ও জাহিরুল ইসলাম (৪২) নামে আরো দুই শ্রমিক।

রবিবার (২৬ এপ্রিল) সকালে জেলার আটোয়ারী উপজেলার সোনাপাতিলা এলাকায় চা-বাগানে পাতা উত্তোলনের সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রাঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।

সোহরাওয়ার্দী ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। বাকিরাও একই এলাকার।

স্থানীয় জানায়, সকালে চা-বাগানে পাতা উত্তোলনের কাজ করছিল ১৯ জনের একটি দল। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রাঘাত হলে ওই তিনজন আহত হন। সোহরাওয়ার্দীর পুরো শরীর জ্বলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু। আহতদের মধ্যে মোস্তফা কামালকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, আমরা তিনজন কাছাকাছি ছিলাম। আমার ও জাহিরুলের মাথায় বস্তা ছিল। বজ্রাঘাত হয় সরাসরি সোহরাওয়ার্দীর ওপরে। আমরাও পড়ে যাই। সঙ্গে সঙ্গে ওর মৃত্যু হয়।

এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বজ্রাঘাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।