চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর খবরে মারা গেছেন আফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আফিয়া বেগম ওই গ্রামের আরশাদ পাটওয়ারীর স্ত্রী আফিয়া বেগম।

স্থানীয় ইপি সদস্য (মেম্বার) গোলাম নবী খোকন জানান, শুক্রবার রাতে বাড়ির পাশে নির্জন স্থানে ধূমপান করছিলেন রিফাত। এ সময় তার বয়সী কিশোর স্থানীয় মোহাম্মদ নাসির হোসেনের ছেলে মোহাম্মদ নাঈম (১৭) ধূমপানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবেন বলে হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে রাতে নাঈমের পক্ষ হয়ে একদল কিশোর রিফাতকে মারধর করে। এ সময় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে রিফাতের মৃত্যুর খবর। নাতির মৃত্যুর খবর শুনে আতঙ্কগ্রস্ত হয়ে নানি আফিয়া বেগম ঘটনাস্থলে ছুটে এসে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা নানি ও নাতি উভয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রিফাত হোসেন সিয়ামকে চিকিৎসা দেওয়া হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘আফিয়া বেগমের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। নাতির মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে মারা গেছেন।’