খুলনায় হামের প্রাদুর্ভাবের মধ্যে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ তিন মাস বয়সী সাদীর মৃত্যুর ঘটনায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। এতে জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু সাদীর।

হাসপাতাল সূত্র জানায়, খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকার বাসিন্দা আসাদ শেখের শিশু সন্তান সাদীকে গত রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম জানান, শিশুটি হামের উপসর্গের পাশাপাশি ঠাণ্ডাজনিত জটিলতায় ভুগছিল। অল্প বয়স এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে গত ১১ এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা গোলাম রসুল ও ইয়াসমীন বেগমের দুই বছর বয়সী সন্তান চাঁন এবং ৯ এপ্রিল একই জেলার ১০ মাস বয়সী শিশু শামীমের মৃত্যু হয় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

বর্তমানে খুমেক হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে ১৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।