গাজীপুর আলোচিত ‘ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা’-তে আয়োজিত ডিজে পার্টিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিনথেটিক মাদক ও দেশি-বিদেশি মদসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে জেলা প্রশাসন ও মাদকবিরোধী টাস্কফোর্স ওই অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তাররা হলেন রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২-এর বাসিন্দা আলোচিত নারী হেলেনা জাহাঙ্গীরের ছেলে জাহিদুল আলম জয় (৩৪), বাড্ডা এলাকার রেদোয়ান হাসান চৌধুরী (৩৩), কাফরুল এলাকার ফয়জুল ইসলাম খান লাবিব, ভাটারা এলাকার মো. আবির হোসেন (২৩), ইফতিয়ার কাসেম চালী (৩০) এবং গাজীপুরের বাঘেরবাজার এলাকার জিহাদ আহম্মেদ রাফি (১৯)।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, ওই রিসোর্টে ডিজে পার্টি আয়োজনের খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স) মো. বশির আহমেদ এবং গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক ও মো. ফয়সালের নেতৃত্বে এই টাস্কফোর্স গঠন করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩৫ জন, র‌্যাব-১-এর ২০ জন এবং জয়দেবপুর থানা পুলিশের ১৫ জন সদস্যসহ মোট ৭০ জনের একটি দল অংশগ্রহণ করে।

তিনি আরো জানান, রাত ৯টার দিকে রিসোর্টে অভিযান শুরু হয়। টাস্কফোর্স টিম রিসোর্টের কনফারেন্স কক্ষের সামনে চলা ডিজে পার্টি এবং পরবর্তীতে বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ডিজে পার্টি এবং ২০৯ ও ৪০৬ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, এমডিএমএ (এক্সটাসি) : ৯ পিস, কুশ : ৫ গ্রাম, ক্যানাবিস চকলেট : ১৬৫ গ্রাম (২ প্যাকেট), হান্টার বিয়ার ১০১ ক্যান (৩৩.৩৩ লিটার), বিদেশি মদ : ৩ বোতল (অ্যাবসোলিউট ভদকা)।

এমদাদুল ইসলাম মিঠুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, ‘আর্ট এক্স’ নামের ব্যানারে জাহিদুল আলম জয় ডিজে পার্টির জন্য রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। ডিজে পার্টির আড়ালে তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন সিনথেটিক মাদক সরবরাহ করা হচ্ছিল। প্রশাসনের অনুমতি ছাড়াই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে।