<p style="text-align: justify;">বিদেশি দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভিসা প্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ পাঠানোয় ব্যাংকগুলোকে অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।</p> <p style="text-align: justify;">নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যক্তির ভিসা পাওয়ার শর্ত হিসেবে ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট বাধ্যতামূলক হলে ব্যাংকগুলো আবেদনকারীর পক্ষে ওই অর্থ বিদেশে পাঠাতে পারবে। বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় বাংলাদেশি ভ্রমণকারীদের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।</p> <p style="text-align: justify;">সার্কুলার অনুযায়ী, ব্যাংকগুলো আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, যেখানে ভিসা বন্ড বা সিকিউরিটি ডিপোজিটের প্রয়োজনীয় অর্থ প্রিলোড করা থাকবে। এ ছাড়া যেসব গ্রাহকের আগে থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে, তাদের কার্ডেও ভ্রমণ কোটার আওতায় এ উদ্দেশ্যে অর্থ পুনরায় লোড করা যাবে। তবে সেই অর্থ শুধু ভিসাসংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।</p> <p style="text-align: justify;">এই সুবিধা এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব অথবা এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে গ্রহণ করা যাবে।</p>