নোয়াখালীর হাতিয়া ও কবিরহাট উপজেলায় দুই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। পৃথক এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ সোমবার সকাল ৯টার দিকে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরলইট্রা গ্রামে বসতঘরের পাশের পুকুরে ডুবে মারা যায় নুসরাত বেগম মরিয়ম (৬) নামের এক শিশু। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল ১১টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। মরিয়ম স্থানীয় বাসিন্দা মিরাজের মেয়ে।

এর আগে গতকাল রবিবার ভোরে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় সাইমুন (৪) নামের এক শিশুর লাশ। সে ওই এলাকার মো. ফরিদের ছেলে। পরিবারের সদস্যরা জানায়, শনিবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরদিন ভোরে বাড়ির পাশের পুকুরে তার লাশ দেখতে পায় তারা।

অন্যদিকে রবিবার সকালে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে খেলতে গিয়ে নিহা (৩) ও জান্নাত (৫) নামের দুই শিশু মাটি কাটার ফলে তৈরি হওয়া গর্তের পানিতে ডুবে মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহা স্থানীয় জোবায়েদের মেয়ে এবং জান্নাত ইউসুফের মেয়ে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘ঘটনাগুলো দুর্ঘটনাজনিত। কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’