• ই-পেপার

বিনা অনুমতিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দায়ে দুই সাংবাদিকের সাজা

যশোরে

কুপিয়ে যুবদল নেতাকে হত্যা

যশোর অফিস
কুপিয়ে যুবদল নেতাকে হত্যা
রুবেল হোসেন

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টা ২০মিনিটে উপজেলার খাজুরা তেলপাম্প-সংলগ্ন গাড়ি ওজন করার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন উপজেলার খাজুরা তেলপাম্প-সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মুনতাজ ঢালীর ছেলে এবং বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। রাব্বি সম্পর্কে নিহত রুবেলের ছোট বোনের দেবর। ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাসস
ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু–ছবি : বাসস

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এক সময় রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে এবং অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়া হবে।

সোমবার রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীকে রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইডসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান রাসিক প্রশাসক।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি ঋণ মওকুফ, ইমামদের সম্মানি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমুলক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। জনগণের সরকার স্বল্প সময়ে জনগণের কল্যাণে অনেক কাজ করছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় এনে নতুনভাবে গড়ে তুলতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে পরিদর্শনে এসেছি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সঙ্গে আছেন। শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, চিড়িয়াখানার প্রাণিগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে, তাদের বর্তমান অবস্থা কী এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে  রাজশাহী সিটি করপোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যেন নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি হয়।

রাসিক প্রশাসকের প্রশংসা করে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বল্প সময়ের মধ্যে সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নগরীর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনসহ নগর উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। রাজশাহীতেও ব্যাপক বৃক্ষরোপণসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম চলমান।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়খানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে পৃথক অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. রুস্তম আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অর্থ ঋণ আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি এস এম নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।  তিনি লালপুর উপজেলার সাইপাড়া গ্রামের বাসিন্দা। তিন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া ৭ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তার আরেক আসামি মো. শিশির বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা। তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘আইনের আওতায় এনে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করতে আমরা নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সীতাকুণ্ডে ২ শতাধিক বাড়িঘর প্লাবিত, আবুল খায়ের স্টিল মিলকে দুষছেন স্থানীয়রা

অনলাইন ডেস্ক
সীতাকুণ্ডে ২ শতাধিক বাড়িঘর প্লাবিত, আবুল খায়ের স্টিল মিলকে দুষছেন স্থানীয়রা
সংগৃহীত ছবি

টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা পানির ঢলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় ২০০টিরও বেশি বাড়িঘর প্লাবিত হয়েছে। এই বিপর্যয়ের জন্য স্থানীয় বাসিন্দারা সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের স্টিল মিলকে দায়ী করছেন। 

ভুক্তভোগী মানুষের অভিযোগ, কম্পানিটি তাদের শিল্পাঞ্চলের চারপাশের প্রাকৃতিক খাল ও জলাধারের গতিপথ বদলে দিয়েছে এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে। এর ফলে পাহাড়ের পানি সরাসরি লোকালয়ে ঢুকে পড়েছে। 

এদিকে এই জলাবদ্ধতা দূর এবং ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের দাবিতে গতকাল রবিবার (১২ জুলাই) সকালে কারখানার প্রধান ফটকে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেছেন শত শত বাসিন্দা।

স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, সারা রাতের ভারি বর্ষণে সোনাইছড়ি ও খামারবাড়ি গ্রামের বাগুলা বাজার থেকে খামারবাড়ি এলাকা পর্যন্ত প্রায় দেড়শ পরিবারের বাড়িঘর ডুবে গেছে। এর মধ্যে নিকটবর্তী ত্রিপুরা আদিবাসী বসতির আরো ৫০টি পরিবার চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরের ভেতরে কোমর পর্যন্ত পানি উঠে যাওয়ায় আসবাবপত্র, খাবার ও গৃহস্থালীর জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। 

শনিবার (১১ জুলাই) রাত থেকে অনেক পরিবার রান্নার সুযোগ পাননি। তারা ঘরে আটকে আছেন। এর ওপর বন্যার পানি আর ঘন কাদার কারণে পুরো এলাকায় যাতায়াত ব্যবস্থা এক প্রকার ভেঙে পড়েছে।

এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং একটি ‘মানবসৃষ্ট বন্যা’। অতীতে এই এলাকায় কখনো এমন বন্যা হয়নি। কিন্তু আবুল খায়ের শিল্প কমপ্লেক্সের সম্প্রসারণের সময় রেললাইনের পাশের একটি সরকারি খালের গতিপথ বদলে দেওয়া হয় এবং পানি যাওয়ার নালাগুলো মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়। এমনকি শনিবার রাতে কারখানার ভেতরে জমে থাকা বিপুল পরিমাণ পানি স্থানীয় জনবসতির দিকে ছেড়ে দিয়ে পরিস্থিতি আরো ভয়াবহ করে তোলা হয়েছে। এছাড়া কারখানার ভারী ট্রাক ও লরি চলাচলের কারণে সামনের প্রধান সড়কটিতে গভীর কাদার স্তর তৈরি হয়েছে, যা পথচারী ও স্কুলপড়ুয়া শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক। পাশাপাশি কারখানার কারণে শুষ্ক মৌসুমে বায়ুদূষণ এবং বর্ষায় বন্যার কারণে স্থানীয়দের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

দীর্ঘদিনের এই ক্ষোভ থেকে রবিবার ভোরে বাসিন্দারা কারখানার রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে এলাকাবাসী সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিতভাবে ১৫ দফা দাবি জমা দেন। এসব দাবির মধ্যে ছিল ভরাট করা খাল ও নালা খনন করা, পাহাড় কাটা বন্ধ করা, রাসায়নিক বর্জ্য ও ধূলিকণা ছড়ানো বন্ধ করা এবং স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া। 

যদিও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানিয়েছেন, এই সংক্রান্ত কোনো লিখিত চিঠি এখনো তার দপ্তরে পৌঁছেনি। পরে অবরুদ্ধ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দ্রুত পানি নিষ্কাশন এবং রাস্তা মেরামতের আশ্বাস দিলে বাসিন্দারা অবরোধ তুলে নেন। তবে স্থায়ী সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

অন্যদিকে, সব অভিযোগ অস্বীকার করে আবুল খায়ের স্টিল প্ল্যান্টের ডেপুটি জেনারেল ম্যানেজার ইমরুল কায়েস ভূঁইয়া বলেন, এটি তাদের কারণে সৃষ্ট কোনো মানবসৃষ্ট বন্যা নয়। অতিরিক্ত বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের মতো সোনাইছড়িতে তাদের কারখানার ভেতরের অনেক অংশও পানিতে তলিয়ে গেছে। তবে খালের গতিপথ পরিবর্তন বা পুকুর ভরাটের সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে কম্পানিটি আলাদা কোনো ব্যাখ্যা দেয়নি। 

এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠানো হচ্ছে এবং কারখানার কারণে এই বন্যা হয়েছে বলে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দায়ে দুই সাংবাদিকের সাজা | কালের কণ্ঠ