প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে এই সুবিধা কার্যকর হবে। গতকাল রবিবার রেলপথ মন্ত্রণালয় এসংক্রান্ত পরিপত্র জারি করেছে। বাংলাদেশ রেলওয়েকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে যাত্রীর বয়স অবশ্যই ৬৫ বছর বা তার বেশি হবে বলে উল্লেখ আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারীরা এ সুবিধার আওতায় থাকবেন। আন্ত নগর ট্রেনের সুলভ/শোভন শ্রেণিতে এবং যেসব ট্রেনে এ শ্রেণি নেই, সেসব ট্রেনে শোভন চেয়ার শ্রেণির মোট ভাড়ার ওপর বিদ্যমান নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে।
ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ২৫% ছাড়

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণের সময় নরসিংদীর ঘোড়াশালে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজিব সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। আসন্ন ঈদ উপলক্ষে ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন সজিব সরকার। ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে পৌঁছলে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ট্রেনের ছাদ থেকে তাঁর লাশ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, ‘স্টেশন মাস্টার ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, বজ্রপাতের ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তাঁর বুকের লোম পুড়ে যাওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
বড় ধরনের সংস্কারের পথে সরকার
স্থাবর সম্পত্তি হস্তান্তরে বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যের উদ্যোগ

দেশের রিয়েল এস্টেট ও আবাসন খাতে মূল্য অস্বচ্ছতা ও কর ফাঁকি রোধে স্থাবর সম্পত্তি হস্তান্তর ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। জমি, ফ্ল্যাট ও বাণিজ্যিক সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে বিদ্যমান সরকারি ‘মৌজা রেট’ বা দাপ্তরিক মূল্য পরিবর্তন করে বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে নীতিগত অগ্রগতি হয়। সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বর্তমান ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরা হয়। সরকারি মৌজা রেট অনেক ক্ষেত্রে প্রকৃত বাজার মূল্যের তুলনায় কম হওয়ায় দলিল নিবন্ধনে কৃত্রিম মূল্য দেখানোর প্রবণতা তৈরি হয়েছে। এতে করে প্রকৃত লেনদেন মূল্য আড়াল হয়ে যাচ্ছে এবং বিপুল অঙ্কের অপ্রদর্শিত অর্থ ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে।
উদাহরণ হিসেবে বলা হয়, একটি জমির বাজার মূল্য যদি ১০ কোটি টাকা হয়, তবে দাপ্তরিক মূল্য অনেক ক্ষেত্রে দুই কোটি টাকার কাছাকাছি দেখানো হয়। ফলে বাকি অংশ করের আওতার বাইরে থেকে যায়। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারায়, অন্যদিকে কালো টাকার বিস্তার বাড়ে।
অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে মত দেন যে এই কাঠামোগত দুর্বলতার কারণে স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি এবং উৎস কর বাবদ সরকারের বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হচ্ছে। অথচ স্থাবর সম্পত্তি খাত অভ্যন্তরীণ রাজস্ব আহরণের একটি গুরুত্বপূর্ণ উৎস।
এই পরিস্থিতি পরিবর্তনে কয়েকটি পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভূমি মন্ত্রণালয় ও এনবিআরের সমন্বয়ে একটি যৌথ টেকনিক্যাল কমিটি গঠন, যারা অঞ্চলভিত্তিক বাস্তব বাজার মূল্য বিশ্লেষণ করে নতুন গাইডলাইন তৈরি করবে। এ ছাড়া মৌজা রেট নির্ধারণ প্রক্রিয়া ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার পরিকল্পনা রয়েছে, যাতে নিয়মিত বাজার পরিস্থিতির সঙ্গে এটি সমন্বয় করা যায়। ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোর অভিজাত এলাকায় জমি ও ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে কর কাঠামো পুনর্বিবেচনার বিষয়েও আলোচনা হয়েছে। এতে উৎস কর ও নিবন্ধন ব্যয়ের কাঠামো আরো বাস্তবসম্মত করার পরিকল্পনা রয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছর থেকে কিছু নির্দিষ্ট বাণিজ্যিক ও আবাসিক এলাকায় পরীক্ষামূলকভাবে বাজারভিত্তিক নতুন মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু হতে পারে। পরে ধাপে ধাপে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে।
এ ছাড়া অপ্রদর্শিত অর্থ ব্যবহার করে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে করহার পুনর্বিন্যাসের বিষয়ে আলোচনা হয়েছে, যাতে প্রকৃত মূল্য দেখাতে করদাতারা উৎসাহিত হন এবং অর্থনীতির স্বচ্ছতা বাড়ে।
দুই এজেন্সির লাইসেন্স লক
রাশিয়ায় আটকা ৩০ বাংলাদেশির স্বজনদের মানববন্ধন

রাশিয়ায় নির্মাণ ও ফ্যাক্টরি কর্মীর ভিসায় গিয়ে ৩০ বাংলাদেশি যুদ্ধের প্রশিক্ষণে আটকা পড়েছেন বলে অভিযোগ করেছেন তাঁদের স্বজনরা। দ্রুত তাঁদের সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা। তাঁরা জানান, কাজ বা টাকা নয়, তাঁরা তাঁদের সন্তানদের নিরাপদে দেশে ফেরত চান।
একই সঙ্গে বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। গতকাল রবিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে স্বজনরা এসব কথা বলেন।
মানববন্ধনের পরে রাশিয়ায় আটকে পড়া ৩০ জনের স্বজনদের অভিযোগের ভিত্তিতে দুই এজেন্সির লাইসেন্স লক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ও মনিটরিং অনুবিভাগের প্রধান এ জেড এম নুরুল হক।
এজেন্সিগুলো হলো আরএস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) ও টিএস ওভারসিজ (আরএল-১৭৫৫)। তবে আরেক অভিযুক্ত এজেন্সি জাবালে নূর ইন্টারন্যাশনালের (আরএল-২৫০৫) লাইসেন্স আগে থেকেই লক করা ছিল।
মানববন্ধনে স্বজনরা অভিযোগ করেন, যেসব প্রতিষ্ঠানের নামে শ্রমিকদের পাঠানো হয়েছে, রাশিয়ায় সেসব প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তাঁদের ভাষ্য, সেখানে আটকে পড়ারা জানিয়েছেন, তাঁদের ওপর নির্যাতন করা হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রস্তুতি চলছে।
