• ই-পেপার

বড় ধরনের সংস্কারের পথে সরকার

স্থাবর সম্পত্তি হস্তান্তরে বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যের উদ্যোগ

প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ২৫% ছাড়

নিজস্ব প্রতিবেদক
প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ২৫% ছাড়

প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে এই সুবিধা কার্যকর হবে। গতকাল রবিবার রেলপথ মন্ত্রণালয় এসংক্রান্ত পরিপত্র জারি করেছে। বাংলাদেশ রেলওয়েকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে যাত্রীর বয়স অবশ্যই ৬৫ বছর বা তার বেশি হবে বলে উল্লেখ আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সুবর্ণ পরিচয়পত্রধারীরা এ সুবিধার আওতায় থাকবেন। আন্ত নগর ট্রেনের সুলভ/শোভন শ্রেণিতে এবং যেসব ট্রেনে এ শ্রেণি নেই, সেসব ট্রেনে শোভন চেয়ার শ্রেণির মোট ভাড়ার ওপর বিদ্যমান নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে।

ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

ঈদের আগে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টসসামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন। গতকাল রবিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয়, রুট পারমিট ছাড়া কোনো বাস চলাচল করতে পারবে না। আন্ত জেলা বাসগুলোকে টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যেতে হবে এবং অনুমোদিত কাউন্টার ছাড়া সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না।

 

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণের সময় নরসিংদীর ঘোড়াশালে বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। আসন্ন ঈদ উপলক্ষে ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন সজিব সরকার। ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে পৌঁছলে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ট্রেনের ছাদ থেকে তাঁর লাশ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, স্টেশন মাস্টার ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, বজ্রপাতের ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তাঁর বুকের লোম পুড়ে যাওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

দুই এজেন্সির লাইসেন্স লক

রাশিয়ায় আটকা ৩০ বাংলাদেশির স্বজনদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
রাশিয়ায় আটকা ৩০ বাংলাদেশির স্বজনদের মানববন্ধন

রাশিয়ায় নির্মাণ ও ফ্যাক্টরি কর্মীর ভিসায় গিয়ে ৩০ বাংলাদেশি যুদ্ধের প্রশিক্ষণে আটকা পড়েছেন বলে অভিযোগ করেছেন তাঁদের স্বজনরা। দ্রুত তাঁদের সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা। তাঁরা জানান, কাজ বা টাকা নয়, তাঁরা তাঁদের সন্তানদের নিরাপদে দেশে ফেরত চান।
একই সঙ্গে বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। গতকাল রবিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে স্বজনরা এসব কথা বলেন।

মানববন্ধনের পরে রাশিয়ায় আটকে পড়া ৩০ জনের স্বজনদের অভিযোগের ভিত্তিতে দুই এজেন্সির লাইসেন্স লক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ও মনিটরিং অনুবিভাগের প্রধান এ জেড এম নুরুল হক।
এজেন্সিগুলো হলো আরএস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) ও টিএস ওভারসিজ (আরএল-১৭৫৫)। তবে আরেক অভিযুক্ত এজেন্সি জাবালে নূর ইন্টারন্যাশনালের (আরএল-২৫০৫) লাইসেন্স আগে থেকেই লক করা ছিল।

মানববন্ধনে স্বজনরা অভিযোগ করেন, যেসব প্রতিষ্ঠানের নামে শ্রমিকদের পাঠানো হয়েছে, রাশিয়ায় সেসব প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তাঁদের ভাষ্য, সেখানে আটকে পড়ারা জানিয়েছেন, তাঁদের ওপর নির্যাতন করা হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রস্তুতি চলছে।