• ই-পেপার

‘তারুণ্যের উৎসব’ উদযাপনে বরাদ্দ শতকোটি টাকা

সংসদ ভবনে নীরবতা

বাজেট ঘিরে নেই সেই উৎসবমুখর পরিবেশ

নিখিল ভদ্র
বাজেট ঘিরে নেই সেই উৎসবমুখর পরিবেশ

প্রতিবছর বাজেট প্রস্তাব উত্থাপনের দিন জাতীয় সংসদ ভবনে থাকে সীমাহীন ব্যস্ততা। কর্মকর্তা-কর্মচারীদের দম ফেলানোর সময় থাকে না। রাষ্ট্রপতিসহ অন্য ভিআইপিদের আগমনকে ঘিরে থাকে বাড়তি প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা। সকাল থেকে শুরু হয় দর্শনার্থীদের ভিড়। ফলে বাজেটকে ঘিরে সংসদ ভবন এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কিন্তু সংসদ ভবনের সেই চিরচেনা দৃশ্য এবার দেখা যায়নি বরং ছিল সুনসান, নীরবতা। সারা দিনই অলস সময় কাটিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সূত্র মতে, সংসদ কার্যকর থাকাকালে জুন মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ অধিবেশনে বাজেট প্রস্তাব উত্থাপন করা হয়। স্পিকারের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরুর পর বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ওই বাজেট অনুমোদন দেওয়া হয়। এরপর সংসদ ভবনের কার্যালয়ে অপেক্ষমাণ রাষ্ট্রপতি নতুন বাজেট সংসদে উপস্থাপনের জন্য সম্মতিসূচক স্বাক্ষর করেন। বাজেট বক্তব্য অধিবেশনকক্ষের গ্যালারিতে বসে প্রত্যক্ষ করেন রাষ্ট্রপতি। গ্যালারিতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকেন। উত্থাপনের পর দুই দিন বিরতি দিয়ে সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনা শুরু হয়। সরকার ও বিরোধী দলের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হয়।

কিন্তু ১৬ বছর পর সেই নিয়মের ব্যতিক্রম হয়েছে। সংসদ না থাকায় গতকাল সোমবার বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমেছে

নিজস্ব প্রতিবেদক
বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমেছে

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিদায়ি অর্থবছরের চেয়ে এক হাজার ৩১৬ কোটি টাকা কম।

গতকাল সোমবার বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই তথ্য জানান।

২০২৪-২৫ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। এবার প্রতিরক্ষা বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৭ হাজার ৮১২ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৯১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯২৩ কোটি টাকা। সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৪৭ কোটি টাকা।

মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে রাখার টার্গেট

নিজস্ব প্রতিবেদক
মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে রাখার টার্গেট

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে আটকে রাখার ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার অর্থ উপদেষ্টা বাজেট বক্তৃতায় এই ঘোষণা দেন। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

দেশে এখনো উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, যা ৯ থেকে ১০ শতাংশে রয়েছে। তবে নতুন বাজেটে মূল্যস্ফীতির লাগাম ৬.৫ শতাংশের মধ্যে টেনে ধরা হবে।

এদিকে সব পণ্যের দাম কিছুটা বাড়তি থাকার পরও সরকার হিসাব দিয়েছে মে মাসে দেশের গড় মূল্যস্ফীতি কমেছে। গত মে মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৯.০৫ শতাংশ। এর আগের মাসে অর্থাৎ এপ্রিলে এই হার ছিল ৯.১৭ শতাংশ।

নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২৫-২৬ অর্থবছরে নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গতকাল সোমবার বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, নারীর সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে মহিলাদের জন্য দক্ষতাভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় নির্বাচিত ২০ হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ অধিকতর উন্নত করে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন সুদৃঢ় করার লক্ষ্যে আগামী অর্থবছরে ১২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।

অর্থ উপদেষ্টা আরো বলেন, কর্মজীবী নারীর পাশাপাশি অনেক নারী হোমমেকার হিসেবে তাঁদের শ্রম এবং সময় উৎসর্গ করছেন। কিন্তু তাঁদের এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রায়ই যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। আমি সরকার এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে তাঁদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া হবে।

বাজেটে বিধবা ও স্বামী নিগৃহীতাদের মাসিক ভাতা ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ টাকা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতা ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৮৫০ টাকা করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।

‘তারুণ্যের উৎসব’ উদযাপনে বরাদ্দ শতকোটি টাকা | কালের কণ্ঠ