• ই-পেপার

বিশ্বমঞ্চে ব্যর্থতা ঘুচিয়ে নতুন গল্প লিখতে পারবে মিসর!

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ টাইম পাবেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক
আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ টাইম পাবেন লিওনেল মেসি
ছবি : এপি

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ আইসল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসি বলে নিশ্চিত করেছেন কোচ স্কালোনি। অ্যালাবামার অবার্নে অনুষ্ঠিত ম্যাচে চোট পরবর্তী মাঠে দেখা যাবে এই মহাতারকাকে।

বাম হ্যামস্ট্রিংয়ের পেশির টান থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ওয়ার্ম-আপে অংশ নিলেও হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি। বিশ্বকাপের জন্য লিগ স্থগিত হওয়ার আগে শেষ ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলার মাঝে পেশিতে টান অনুভব নিয়ে মাঠ ছাড়েন। চোট শঙ্কা নিয়েই মায়ামির এই ফরোয়ার্ড জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মেসি খেলবে, তবে কত মিনিট খেলবে তা আমি জানি না। আজকের অনুশীলনে তার সাথে আমার কথা বলতে হবে এবং যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে সে কত মিনিট খেলে তা আমরা দেখব। আমরা সিদ্ধান্ত নেব, তবে আজকে সে খেলবে।’

আর্জেন্টিনার কোচ আরও বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা তাদের শিরোপা রক্ষার প্রস্তুতি সময় দলের খেলার সময়ের ওপর কড়া নজর রাখা হবে। যেকোনো ধরনের অঘটন এড়ানোর চেষ্টায় আমরা আগামীকাল যারা খেলবে তাদের খেলার সময় বন্টন করে দেব বলে যোগ করেন এই বিশ্বকাপজয়ী কোচ।

ওয়ানডে সিরিজ

মোসাদ্দেক-নাহিদে ২১ বছর পর বাংলাদেশের অস্ট্রেলিয়া বধ

ক্রীড়া প্রতিবেদক
মোসাদ্দেক-নাহিদে ২১ বছর পর বাংলাদেশের অস্ট্রেলিয়া বধ
নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেনের উদযাপন। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

১৮ জুন ২০০৫, সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি। 

এতটুকু বললেই সবাই বুঝে নেন কোন ম্যাচের কথা বলা হচ্ছে। রিকি পন্টিংয়ের মহাপরাক্রমশালী দলের বিপক্ষে ঐতিহাসিক এক জয়। 

এত দিন সেটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র জয় ছিল। অবশেষে আজ এলো দ্বিতীয়টি; ২১ বছর পর আরেক জুনেই!

মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড নৈপুণ্য ও নাহিদ রানার গতিতে ধরাশায়ী হলো অস্ট্রেলিয়া। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশ জিতল ৮৬ রানে। 

Mosaddek1
বাংলাদেশ দলে ফেরার ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন মোসাদ্দেক। ছবি: মীর ফরিদ, মিরপুর থেকে

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৮৪ রান করেছিল বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান করার পর বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পর বাগড়া দেয় বৃষ্টি। 

তাতে আর একটি বলও মাঠে না গড়নোয় ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশকে জয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি প্রকাশ ভাট। 

মিরপুরের সবুজাভ পিচে লক্ষ্যটা অস্ট্রেলিয়ার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। ইনিংসের শুরুতেই তাসকিন আহমেদের বলে ম্যাথু শটের বোল্ড হওয়া আর দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর রহমানের বলে মারনাস লাবুশেনের এলবিডাব্লিুউ হয়ে ফেরা রান তাড়াকে আরো কঠিন করে তোলে। 

শুরুর সেই ধাক্কা সামলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। আলোচিত ফাস্ট বোলার নাহিদ রানাই আসলে সফরকারীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি। ১০ ওভারে ৪১ রান দিয়ে তিনি নিয়েছেন ৪ উইকেট।

এই ম্যাচ দিয়েই প্রায় ৪ বছর পর বাংলাদেশ দলে ফেরা মোসাদ্দেকও দারুণ বোলিং করেছেন। ১০ ওভারে ৩৭ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। 

তবে মোসাদ্দেক আসল কাজটা করেছেন ব্যাট হাতে। ৭ চার ও ৩ ছক্কায় ৭০ বলে তার ৮৬ রানের দায়িত্বশীল ইনিংসই বাংলাদেশের সংগ্রহ তিন শর কাছাকাছি নিয়ে যায়।

এর আগে শুরুতে সাইফ হাসানের উইকেট হারালেও তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। তানজিদ-শান্ত দুজনই ফিফটির দেখা পান। 

Photo
ম্যাচসেরার পুরস্কার হাতে মোসাদ্দেক। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

তবে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়ে প্রত্যাবর্তনের দিনটা স্মরণীয় করে রেখেছেন মোসাদ্দেক। 

মিরপুরেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে আগামী বৃহস্পতিবার (১১ জুন)।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৫০ ওভারে ২৮৪/৮ (মোসাদ্দেক ৮৬*, শান্ত ৬৭, তানজিদ ৫৪; এলিস ৩/৩৮, রেনশ ২/৩৫, স্কট ২/৫৭)।
অস্ট্রেলিয়া : ৪২.২ ওভারে ১৯১/৯ (গ্রিন ৫২*, ক্যারি ৪৭, কনোলি ৩৫; নাহিদ ৪/৪১, মুস্তাফিজ ২/২৪, মোসাদ্দেক ২/৩৭)।
ফল : বাংলাদেশ ৮৬ রানে জয়ী (ডিএলএস পদ্ধতিতে)।
ম্যাচসেরা : মোসাদ্দেক হোসেন।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে।

ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে হাসান বললেন, ‘স্বপ্ন সত্যি হলো’

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে হাসান বললেন, ‘স্বপ্ন সত্যি হলো’
কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের জার্সি হাতে বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ছবি: কেন্ট

দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলবেন হাসান মাহমুদ। কাউন্টি ক্লাব কেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ২৬ বছর বয়সী পেসার জানিয়েছেন, এই সুযোগ তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। 

কেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে হাসান বলেন, ‘কেন্টের মতো ঐতিহাসিক ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এটি শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্য এক গর্বের মুহূর্ত।’

হাসান আরো বলেন, ‘দলের সাফল্যে অবদান রাখতে আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। দলে আমার ভূমিকা ও প্রত্যাশা নিয়ে অ্যাডাম হোলিওক ও সাইমন কুকের সঙ্গে কথা হয়েছে। কেন্টের হয়ে মাঠে নামতে তর সইছে না।’

ইংল্যান্ডে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঠে দেখার আশা হাসানের, ‘আমি ক্লাবের সদস্য ও সমর্থকদের সঙ্গে দেখা করতে এবং যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি দর্শকদের মাঠে এসে দলকে সমর্থন দিতে দেখার অপেক্ষায় আছি। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা সবার জানা।’

কাউন্টি চ্যাম্পিয়নশিপে মোট ছয়টি ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। এর মধ্যে চলতি জুনে দুটি এবং সেপ্টেম্বরে মৌসুমের শেষ দিকে চারটি। 

প্রথম বাংলাদেশি হিসাবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের সেপ্টেম্বরে লন্ডনের ক্লাব সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। তবে সেই ম্যাচেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তিনি নিষিদ্ধ হন। 

ফুটবল উন্মাদনায় বাধা হবে না তো লোডশেডিং?

নিজস্ব প্রতিবেদক
ফুটবল উন্মাদনায় বাধা হবে না তো লোডশেডিং?
সংগৃহীত ছবি

দুয়ারে কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬। বিশ্বমঞ্চের এই মহারণকে ঘিরে দেশজুড়ে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে চেনা ফুটবল উন্মাদনা। পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন ফুটবল নিয়ে তুমুল আলোচনা। তবে এই উম্মাদনার মাঝেই ফুটবলপ্রেমীদের মনে উঁকি দিচ্ছে একটি বড় শঙ্কা; চলমান গ্রীষ্মকালীন বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিং খেলা উপভোগের আনন্দে জল ঢেলে দেবে না তো?

তবে ফুটবলপ্রেমীদের জন্য আশার কথা শোনাল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালে দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। চলমান লোডশেডিং যতটা সম্ভব কমিয়ে আনাই এখন তাদের মূল লক্ষ্য।

বিপিডিবি সূত্রে জানা গেছে, চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি। এর মধ্যেও প্রতিদিন গড়ে ১৪ হাজার থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) সরকারি তথ্য অনুযায়ী, গত দুই-তিন দিনে দেশে সর্বোচ্চ ৬০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে।

সরকারি খাতায় লোডশেডিংয়ের পরিমাণ কম দেখানো হলেও দেশের গ্রাম ও শহরের বাস্তব চিত্র অনেক ক্ষেত্রেই ভিন্ন। ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় দিনে কয়েকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ সাধারণ মানুষের। কোথাও কোথাও বিদ্যুৎ গেলে আসতে এক ঘণ্টারও বেশি সময় লাগছে, আবার কিছু এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকার ঘটনাও ঘটছে। ফলে খেলা দেখার মূহূর্তে বিদ্যুৎ চলে যাওয়া নিয়ে গ্রাহকদের উৎকণ্ঠা কাটছে না।

এ বিষয়ে জানতে চাইলে বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘এখনও কিছু এলাকায় সামান্য লোডশেডিং রয়েছে, এটি সত্যি। মূলত কয়েকটি ছোট বিদ্যুৎকেন্দ্র জরুরি মেরামতের জন্য সাময়িক বন্ধ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি খেলা শুরুর আগেই সেগুলো দ্রুত মেরামত করে পুরোপুরি উৎপাদনে ফিরিয়ে আনতে।’

বিশ্বকাপ চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিশেষ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন, ‘ফুটবল বিশ্বকাপের বিষয়টি মাথায় রেখেই আমরা আমাদের সার্বিক প্রস্তুতি নিচ্ছি। দেশের মানুষ যাতে নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারেন, সে জন্য যেকোনো পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।’