• ই-পেপার

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীকে ‘রেকর্ড দামে’ কিনতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

ইনজুরি দুশ্চিন্তায় বিশ্বকাপ পরিকল্পনা বদলাচ্ছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
ইনজুরি দুশ্চিন্তায় বিশ্বকাপ পরিকল্পনা বদলাচ্ছে আর্জেন্টিনা
সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আগে রক্ষণভাগ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। একের পর এক ডিফেন্ডারের চোটে এবার স্কোয়াড পরিকল্পনাতেই পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছেন, স্কালোনি বিশ্বকাপ স্কোয়াডে আটজনের বদলে নয়জন ডিফেন্ডার রাখার কথা ভাবছেন। কারণ, দলের রক্ষণভাগে চোট সমস্যা ক্রমেই বাড়ছে।

বর্তমানে ইনজুরির কারণে অনিশ্চয়তায় রয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। এ ছাড়া ফিটনেস সমস্যায় ভুগছেন গঞ্জালো মন্টিয়েলও।

এই পরিস্থিতিতে বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। তাই অতিরিক্ত একজন ডিফেন্ডার নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

শিরোপাধারী আর্জেন্টিনা এবারও বিশ্বকাপের অন্যতম ফেবারিট। তবে টুর্নামেন্ট শুরুর আগেই রক্ষণভাগের চোট সমস্যা কোচিং স্টাফের জন্য বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ক্যাম্প সরাল ইরান

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ক্যাম্প সরাল ইরান

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে নিজেদের প্রস্তুতি ক্যাম্পের স্থান পরিবর্তন করেছে ইরান। আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেটি সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায়।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ শনিবার এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টিজুয়ানাতে ক্যাম্প করলে ভিসা সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে এবং দল সরাসরি ইরান এয়ারের ফ্লাইটে মেক্সিকোতে যেতে পারবে।

তাজ বলেন, ‘আমাদের ক্যাম্প হবে প্রশান্ত মহাসাগরের কাছাকাছি টিজুয়ানায়, যা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের একদম কাছে। এখান থেকে লস অ্যাঞ্জেলেসে যেতে মাত্র ৫৫ মিনিটের ফ্লাইট সময় লাগবে।’

বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে থাকা ইরান প্রথম দুই ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে খেলবে মিশরের বিপক্ষে।

তবে বিশ্বকাপের আগে এখনো ভিসা ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর এক মাস আগেও খেলোয়াড় ও স্টাফদের অনেকের যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

এ কারণে ফিফার কাছে ভিসা, নিরাপত্তা এবং ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আচরণ নিয়ে বিশেষ নিশ্চয়তা চেয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

বায়ার্নের ডাবল জয়, হ্যাটট্রিকে নায়ক হ্যারি কেইন

ক্রীড়া ডেস্ক
বায়ার্নের ডাবল জয়, হ্যাটট্রিকে নায়ক হ্যারি কেইন
ম্যাচে হ্যাটট্রিক করেন হ্যারি কেইন। ছবি : রয়টার্স

ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ডিএফবি পোকাল জিতল বায়ার্ন মিউনিখ। ফাইনালে স্ট্রটগার্টকে ৩-০ গোলে হারিয়ে মৌসুম শেষ করল ঘরোয়া ডাবল জয়ে।

বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়নে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে দুই দলই সতর্ক ফুটবল খেলেছে। প্রথমার্ধে বড় কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি কেউ। তবে বিরতির পর ম্যাচের রূপ পুরো বদলে যায়।

৫৫ মিনিটে মাইকেল ওলিসের ক্রস থেকে হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ভিনসেন্ট কোম্পানির দল।

৮০ মিনিটে আবারও গোল করেন কেইন। এবার লুইস দিয়াজের পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ কার্লিং শটে বল জড়ান জালে।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইংল্যান্ড অধিনায়ক। ওলিসের ক্রসে স্টুটগার্টের অ্যাঞ্জেলো স্টিলারের হ্যান্ডবলের পর পাওয়া স্পটকিক থেকে গোল করেন তিনি।

এই হ্যাটট্রিকের মাধ্যমে ইতিহাসেও জায়গা করে নিয়েছেন কেইন। ডিএফবি-পোকাল ফাইনালে হ্যাটট্রিক করা মাত্র চতুর্থ ফুটবলার এখন তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন উভে সিলার, রোলান্ড ভোলফার্থ ও রবার্ট লেভানদোস্কি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন কেইন। শুধু ডিএফবি-পোকালেই তার গোল সংখ্যা ১০।

বুন্দেসলিগা জয়ের পর এবার ডিএফবি-পোকালও জিতে দুর্দান্তভাবে মৌসুম শেষ করল বায়ার্ন মিউনিখ। 

হার দিয়ে মৌসুম শেষ করল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
হার দিয়ে মৌসুম শেষ করল বার্সেলোনা
ছবি : রয়টার্স

লা লিগা শিরোপা জয় নিশ্চিত করেই শেষ ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে মৌসুমের শেষটা সুখকর হলো না কাতালানদের জন্য। ভ্যালেন্সিয়ার কাছে ৩-১ গোলে হেরে মৌসুম শেষ করেছে বার্সেলোনা।

তবে হারলেও আলোচনায় ছিলেন রবার্ট লেভানদোস্কি। বার্সার হয়ে নিজের বিদায়ি ম্যাচে গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার।

মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভ্যালেন্সিয়া। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোল পায়নি স্বাগতিকরা। অন্যদিকে কর্নার থেকে লেভানদোস্কির হেড পোস্টে লেগে ফিরে আসে।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পান এই তারকা ফরোয়ার্ড। ৬১ মিনিটে ফেরান তোরেসের শট দিক পরিবর্তন করে জালে জড়িয়ে দেন লেভানদোস্কি।

কিন্তু গোল হজমের পরই যেন ঘুরে দাঁড়ায় ভ্যালেন্সিয়া। মাত্র পাঁচ মিনিট পর দূরপাল্লার শটে সমতা ফেরান হাভি গেরা। এরপর ৭১ মিনিটে লুইস রিওহার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বার্সা। তবে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের হেডলাইন থেকে দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক স্টোলে দিমিত্রিয়েভস্কি। যোগ করা সময়ে গুইদো রদ্রিগেজ আরো একটি গোল করে ভ্যালেন্সিয়ার জয় নিশ্চিত করেন।

এই জয়ের মাধ্যমে ১১ ম্যাচ পর বার্সেলোনার বিপক্ষে জয় পেল ভ্যালেন্সিয়া। যদিও ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করতে পারেনি তারা।

অন্যদিকে বিদায়ী ম্যাচে গোল করে ব্যক্তিগত এক রেকর্ডও গড়েছেন লেভানদোস্কি। লা লিগায় একক কোনো প্রতিপক্ষের বিপক্ষে এবারই প্রথম ১০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।