বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। দুর্দান্ত শুরুর পর সতীর্থদের নিয়ে 'খুবই গর্বিত' বলে মন্তব্য করেছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ 'জে'র উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দুর্দান্ত সূচনা এনে দেন তিনি।
ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সতীর্থদের প্রশংসা করে মেসি লিখেন, ‘দারুণ এই শুরুর জন্য আমি অত্যন্ত আনন্দিত, সবার ভালোবাসার কাছে কৃতজ্ঞ। বছরের পর বছর ধরে যেভাবে এই দলটা লড়াই করে আসছে।
আজ আবারো তাদের একইভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখে আমি অনেক গর্বিত’ বলে যোগ করেন তিনি।
ফুটবল ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ড গড়েছেন মেসি। ৩৮ বছর বয়সে এসে হ্যাটট্রিক করার মাধ্যমে তিনি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার নজির গড়লেন এই মহাতারকা।




