বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা বর্তমান সরকার তার ঘোষিত ৩১ দফার মাধ্যমে প্রকাশ করেছে, তার অন্যতম মূল ভিত্তি হলো ২৫ নম্বর দফা—‘শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন’। এই দফায় স্পষ্টভাবে বলা হয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় চাহিদাভিত্তিক কারিগরি শিক্ষার প্রসার এবং উচ্চশিক্ষায় জ্ঞান ও গবেষণানির্ভর পরিবেশ তৈরি করাই হবে সরকারের মূল অগ্রাধিকার।
দীর্ঘদিনের অবহেলা, অবকাঠামোগত অসামঞ্জস্য এবং শিক্ষকদের ধারাবাহিক অর্থনৈতিক বঞ্চনা দেশের শিক্ষাব্যবস্থাকে এক গভীর সংকটে নিমজ্জিত করেছিল। এমন বাস্তবতায় বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়নে শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের শিক্ষাব্যবস্থার মানচিত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে মাধ্যমিক শিক্ষা স্তর। অথচ দুঃখজনকভাবে, এই স্তরের শিক্ষকরাই আজ সবচেয়ে অবহেলিত ও উপেক্ষিত। শিক্ষকদের বেতনকাঠামো ও পেশাগত মর্যাদার বৈষম্য শিক্ষার গুণগত মানে নেতিবাচক প্রভাব ফেলছে।
শিক্ষকরা যদি আর্থিকভাবে অস্থির থাকেন, তবে তাদের কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা দুষ্কর। তাই মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র, মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় বেতনকাঠামো নিশ্চিত করাই হতে হবে সংস্কারের প্রথম ও প্রধান পদক্ষেপ। শিক্ষকদের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা গেলেই কেবল মেধাবীরা এই পেশায় আসতে আগ্রহী হবেন।
বর্তমান সরকারের উচিত শিক্ষা খাতকে রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা। উন্নয়নশীল দেশ হিসেবে শিক্ষা খাতে যে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ বাজেট বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা দ্রুত কার্যকর করা জরুরি। এই বিনিয়োগই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আধুনিকীকরণ, উন্নত গবেষণাগার স্থাপন এবং আইসিটি অবকাঠামো নিশ্চিত করার পথ প্রশস্ত করবে।
একই সঙ্গে, একটি যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রবর্তন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পাঠ্যক্রমকে হতে হবে আনন্দদায়ক ও সহশিক্ষা কার্যক্রমমুখর। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যাপক সমন্বয় ঘটাতে হবে। এটি কেবল কর্মসংস্থানই সৃষ্টি করবে না, বরং দেশজ উৎপাদনশীলতা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে।
এই সংস্কার প্রক্রিয়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়টি বিশেষভাবে বিবেচ্য বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্তমানে অকার্যকর ও শিক্ষার্থীস্বল্প শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই জাতীয়করণের প্রক্রিয়ায় ছোট ও অকার্যকর প্রতিষ্ঠানগুলোকে পার্শ্ববর্তী বড় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত (Amalgamate) করে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। শিক্ষার তদারকি বা মনিটরিং ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে, যাতে প্রতিটি প্রতিষ্ঠানে মানসম্মত পাঠদান নিশ্চিত হয়। সবচেয়ে বড় কথা হলো, শিক্ষা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া রাজনৈতিক প্রভাবমুক্ত করে সেখানে পূর্ণ পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।
পরিশেষে, বর্তমান সরকারের ২৫ নম্বর দফার বাস্তবায়ন কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি একটি জাতির টিকে থাকা ও বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর লড়াই। শিক্ষা খাতের এই সংস্কার যদি যথাযথ গবেষণানির্ভর দৃষ্টিভঙ্গি নিয়ে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হয়, তবে বাংলাদেশ খুব দ্রুত একটি দক্ষ, আধুনিক ও মানবিক জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে। আজকের এই বিনিয়োগই হবে আগামীর বাংলাদেশের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ। শিক্ষা খাতের এই পুনর্জাগরণই ৩১ দফার চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
লেখক : সিনিয়র শিক্ষক, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, জিয়ানগর, পিরোজপুর।
Email: [email protected]









