চুলে খুশকি হওয়া খুবই সাধারণ একটি সমস্যা। গরমের সময়ে মাথায় ঘাম হয়ে চুলে বাজে গন্ধ হয়, সঙ্গে খুশকিও বেড়ে যায়। তবে এটি শুধু মাথার ত্বকের অস্বস্তিই বাড়ায় না, অনেক সময় আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে। বিশেষ করে গাঢ় রঙের পোশাক পরার সময় খুশকি ঝরে পড়লে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। বাজারের বিভিন্ন পণ্য ব্যবহার করেও অনেকে কাঙ্ক্ষিত ফল পান না। এমন অবস্থায় ঘরোয়া কিছু উপাদান দিয়েই তৈরি করা যেতে পারে কার্যকর হেয়ার প্যাক, যা খুশকি কমাতে সাহায্য করতে পারে।
কলা, মধু ও লেবুর রসের প্যাক
খুশকি দূর করার জন্য কলা, মধু ও লেবুর রসের মিশ্রণ বেশ জনপ্রিয় একটি ঘরোয়া উপায়। একটি ভালোভাবে পাকা কলা চটকে তার সঙ্গে এক চামচ মধু এবং কিছুটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এই মিশ্রণটি মাথার ত্বক ও চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে প্রায় ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর অল্প পরিমাণ অ্যালোভেরা জেল বা রস হালকা গরম করে ঠাণ্ডা হওয়ার পর মাথার ত্বকে লাগাতে পারেন। আধা ঘণ্টা পর আবার চুল ধুয়ে নিলে মাথার ত্বক আরো সতেজ অনুভূত হতে পারে।
টক দই, অ্যালোভেরা ও নারকেল তেলের প্যাক
মাথার ত্বক আর্দ্র রাখতে এবং খুশকি কমাতে টক দই, অ্যালোভেরা ও নারকেল তেলের সংমিশ্রণ উপকারী হতে পারে। একটি পাত্রে পরিমাণমতো টক দই, অ্যালোভেরা জেল ও নারকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। এরপর চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে রাখুন। প্রায় ৩০ মিনিট পর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাক ব্যবহার করলে খুশকির প্রবণতা কমতে পারে এবং চুলও তুলনামূলক নরম ও স্বাস্থ্যকর দেখাতে পারে।
টমেটো ও মধুর প্যাক
টমেটোতে থাকা প্রাকৃতিক উপাদান মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে। একটি টমেটো ব্লেন্ড করে তার সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মাথার ত্বকে এবং চুলে ভালোভাবে লাগিয়ে প্রায় ৩০ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে দুবার এই প্যাক ব্যবহার করলে খুশকি কমার পাশাপাশি চুলের রুক্ষতাও কিছুটা কমতে পারে।
নিয়মিত যত্নও জরুরি
বিশেষজ্ঞদের মতে, খুশকি নিয়ন্ত্রণে শুধু হেয়ার প্যাক ব্যবহার করলেই হবে না। মাথার ত্বক পরিষ্কার রাখা, পর্যাপ্ত পানি পান করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। যদি দীর্ঘদিন খুশকির সমস্যা থেকে যায় বা মাথার ত্বকে চুলকানি ও প্রদাহ বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।





