• ই-পেপার

মাদারীপুরে প্রতিবন্ধী ভাতা বিতরণে অনিয়মের তদন্ত শুরু

কারখানায় চোরাই গ্যাস লাইন, সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

অনলাইন ডেস্ক
কারখানায় চোরাই গ্যাস লাইন, সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস
ছবি: কালের কণ্ঠ

গাজীপুরে কারখানায় চোরাই বাইপাস লাইন ব্যবহার করে গ্যাস চুরির ঘটনায় একটি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ভিজিল্যান্স টিম। মঙ্গলবার (৯ জুন) দুপুরে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া সুলতানা ইয়ার্ন ডাইং কারখানায় এ অভিযান শুরু হয়। তিতাসের গাজীপুর আঞ্চলিক ভিজিলেন্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহীদুর রহমানের নেতৃত্বে দীর্ঘ অনুসন্ধানের পর অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি শনাক্ত করা হয়। 

আরো পড়ুন
মেসির ওপর ভরসা নেই, দুধে গোসল করে যোগ দিলেন ব্রাজিলে

মেসির ওপর ভরসা নেই, দুধে গোসল করে যোগ দিলেন ব্রাজিলে

 

তিতাসের পক্ষ থেকে জানানো হয়, কারখানাটির বৈধ সংযোগের পাশাপাশি একটি গোপন বাইপাস লাইনের মাধ্যমে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। 

তিতাসের গাজীপুর আঞ্চলিক ভিজিলেন্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহীদুর রহমান জানান, সুলতানা ইয়ার্ন ডাইং তিতাসের একজন বৈধ গ্রাহক হলেও দীর্ঘদিন ধরে তারা অনুমোদনবহির্ভূত একটি সংযোগের মাধ্যমে অতিরিক্ত গ্যাস ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ সংযোগটি শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের দাবি কারখানাটি প্রায় পাঁচ বছর ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছে। তারা এক ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে মিটারবহির্ভূত আন্তঃসংযোগের মাধ্যমে পুরো কারখানায় গ্যাস সরবরাহ করতো। এর ফলে প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সেই হিসাবে গত কয়েক বছরে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অভিযান শেষে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কারখানাটিতে কিলিং ক্যাপিং করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিতাসের কর্মকর্তারা।

এই কর্মকর্তা আরো বলেন বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ গ্যাস ব্যবহার ও রাজস্ব ফাঁকি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। 

অভিযানে তিতাসের গাজীপুর আঞ্চলিক ভিজিলেন্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহীদুর রহমান, ব্যবস্থাপক প্রকৌশলী আলী নওরোজ রাহাত, উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার, মনি শংকর রায়, আতাউর রহমান, সহকারী প্রকৌশলী (জোবিও শ্রীপুর) শাকিল আহমেদ, সহকারী ব্যবস্থাপক (জোবিও শ্রীপুর) মোয়াজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কসবায় পুকুর থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কসবায় পুকুর থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুর থেকে আলী আজগর (৮) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলী আজগর ওই গ্রামের রাজিব মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র ছিল।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে আলী আজগরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পারেন, শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে : শামীম হায়দার পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে : শামীম হায়দার পাটোয়ারী
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘জাতীয় পার্টির জন্য বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ না করলে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতো না। জামায়াত ও এনসিপি এক মাস আগে ভোট বর্জন করত। তারেক জিয়াও প্রধানমন্ত্রী হতে পারতেন না। ক্ষমতায় এসে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে বাধা দিয়ে বিএনপি ঠিক কাজ করছে না। ভবিষ্যতে জাতীয় পার্টি বিএনপিকে সমর্থন করবে না।’ 

আজ মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। নগরের সদর রোডের আর্যলক্ষ্মী ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

শামীম হায়দার পাটোয়ারী আরো বলেন, ‘সরকারের ১০০ দিনের ভালো কোনো কাজ হয়নি। এর মধ্যে ৬০৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুদ্রাস্ফীতি ছিল, মঙ্গলবার মাত্র ৯ ভাগ। দেশকে একটা জটিল ভূ-রাজনৈতিক জটে ফেলে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে দেশ চালিয়ে সরকার মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। এর একটা রাজনৈতিক সমাধান লাগবে। জাতীয় পার্টি ছাড়া সংবিধান সংশোধন হয়নি, হবেও না। জাতীয় পার্টি ছাড়া কোনো সরকারও বেশিদিন চলতে পারবে না।’

সভায় জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেন, সভার পূর্বনির্ধারিত স্থান ছিল বরিশাল ক্লাব মিলনায়তন। ওপরমহলের নির্দেশের অজুহাত দেখিয়ে পুলিশ সেখানে সভা করার অনুমতি দেয়নি। আগরপুর রোডের আরেকটি মিলনায়তনে করতে চাইলে সেখানে বাধা দেয়। পরে আর্যলক্ষ্মী মিলনায়তনে অনুমতি দেয়। 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, আলমগীর শিকদার লোটন, এমরান হোসেন প্রমুখ।

মেসির ওপর ভরসা নেই, দুধে গোসল করে যোগ দিলেন ব্রাজিলে

অনলাইন ডেস্ক
মেসির ওপর ভরসা নেই, দুধে গোসল করে যোগ দিলেন ব্রাজিলে
সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবল এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে খুনসুটি, তর্ক-বিতর্ক, এমনকি কখনো কখনো উত্তেজনাও দেখা যায়। তবে শেরপুরে ঘটেছে ভিন্নধর্মী এক ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক দেবপ্রিয় দাস (শিবু) এবার প্রকাশ্যেই দল বদলের ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণাতেই থেমে থাকেননি। ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকা এ আয়োজন করা হয়। এ সময় ব্রাজিলের ২০ থেকে ২৫ জন সমর্থক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
মোসাদ্দেক-নাহিদে ২১ বছর পর বাংলাদেশের অস্ট্রেলিয়া বধ

মোসাদ্দেক-নাহিদে ২১ বছর পর বাংলাদেশের অস্ট্রেলিয়া বধ

 

ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, দেবপ্রিয় দাস শিবু দীর্ঘদিন শুধু লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করতেন। তবে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে তিনি মনে করছেন। পাশাপাশি বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড় না থাকায় দলটির প্রতি তার আগের মতো আস্থা নেই। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল ও নেইমারকে তার ভালো লাগে। এ কারণেই তিনি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।

দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে শিবু বলেন, ‘আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। এখন মনে হচ্ছে, এটাই তার শেষ বিশ্বকাপ হতে পারে। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকা খেলোয়াড়ও নেই। তাই দলটির ওপর আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমারও আমার পছন্দের খেলোয়াড়দের একজন। এসব কারণেই ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।’

আরো পড়ুন
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

 

মেহের খান নামের একজন বলেন, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে শিবুকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে বরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।

স্থানীয়দের ভাষ্য, বিশ্বকাপকে সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস।