• ই-পেপার

গ্রেপ্তারের পর অসুস্থ আ. লীগ কর্মী, হাসপাতালে ভর্তি

ধুনট

ভূমি অধিগ্রহণ জটিলতায় সেতুর কাজ বন্ধ

পুরনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দ্রুত সংকট নিরসনের দাবি

রফিকুল আলম, ধুনট (বগুড়া)
ভূমি অধিগ্রহণ জটিলতায় সেতুর কাজ বন্ধ
বগুড়ার ধুনট-শেরপুর সড়কের পশ্চিম ভরণশাহী-চরপাড়া মোড়ে নির্মীয়মান সেতুর কাজ প্রায় দুই বছর ধরে বন্ধ। মঙ্গলবার তোলা। -কালের কণ্ঠ

বগুড়ার ধুনট-শেরপুর সড়কের পশ্চিম ভরণশাহী-চরপাড়া মোড়ে নির্মীয়মান সেতুর কাজ প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। ভূমি অধিগ্রহণ সম্পন্ন না করেই কাজ শুরু করার কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 

এদিকে, বিকল্প ব্যবস্থা না থাকায় পুরনো ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর ওপর দিয়েই এখনও পথচারী ও যানবাহন চলাচল করছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেতুর কাজ শেষ না হওয়ায় জনগুরুত্বপূর্ণ এই সড়ক ব্যবহারে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ধুনট-শেরপুর সড়কের ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী-চরপাড়া রইচখা দহের ওপর আশির দশকে একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না  হওয়ায় সেতুটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। 

এ অবস্থায় ২০২২-২০২৩ অর্থবছরে বেইলি সেতুর পাশে একটি  ঢালাই সেতু নির্মাণের জন্য ছয় কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২৫ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ৩ মিটার প্রস্থের সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালে। তবে ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে যায় কাজ। প্রায় ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হলেও বাকি কাজ দুই বছর ধরে বন্ধ রয়েছে। 

এদিকে, এ ধরনের প্রকল্পের কাজ ভূমি অধিগ্রহণ ছাড়া কীভাবে শুরু করা হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অধিগ্রহণের জন্য নির্ধারিত জমির মালিকদের অভিযোগ, কোনো ক্ষতিপূরণ না দিয়ে, এমনকি অধিগ্রহণের কোনো কাগজপত্র প্রস্তুত না করেই সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা কাজটি তখন করতে চান। এমনকি এখন পর্যন্ত তাদের কোনো অর্থও দেওয়া হয়নি। 

এদিকে, নতুন সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর ওপর দিয়ে যাতায়াতে দুর্ভোগ বাড়ছে এলাকাবাসীর। ভূমি অধিগ্রহণ ছাড়াই এই কাজ শুরু করায় সড়ক ও জনপদ বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ব্যাপারে বগুড়া সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। এই ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতার কারণেই কাজ বন্ধ রয়েছে। দ্রুত এ জটিলতা নিরসন করে নির্মাণ কাজ শেষ করা হবে। 

চট্টগ্রামে আ. লীগের লিফলেট তৈরির সময় নারী নেত্রীসহ গ্রেপ্তার ২

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে আ. লীগের লিফলেট তৈরির সময় নারী নেত্রীসহ গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় সাবেক নারী ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত ১১টার দিকে উপজেলার বিবিরহাট বাজারের একটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— উপজেলার বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমি আক্তার (৩৫)। তিনি বক্তপুর এলাকার মৃত শামসুল আলমের মেয়ে। অন্যজন একই এলাকার সুধির বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৪০)। তিনি ওই কম্পিউটার দোকানের কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিবিরহাট বাজারের এএইচ শপিং কমপ্লেক্সের শাওন ভিশন ফটো অ্যান্ড ফ্লিমথ নামের একটি প্রতিষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরি ও মুদ্রণ করা হচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে সোমবার রাতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুমি আক্তার ও উজ্জ্বল বড়ুয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন
রাজনীতি থেকে অবসরের সম্ভাবনা নাকচ শেখ হাসিনার

রাজনীতি থেকে অবসরের সম্ভাবনা নাকচ শেখ হাসিনার

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং উসকানিমূলক লিফলেট তৈরির সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


 

কুমিল্লা

থ্রি-হুইলার আটক করায় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
থ্রি-হুইলার আটক করায় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ
সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাদের একটি টহল গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে নিমসার সবজি বাজার সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এসময় ক্ষুব্ধ চালক ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে হামলা চালান। তারা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ব্যাপক ভাঙচুর চালান। এতে টহল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তিনি।

মঙ্গলবার (০৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ফারুক (২৭)  হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে ৩ থেকে ৪ জনের একটি দল সেখানে এসে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা.রাজীব আহমেদ চৌধুরী জানান, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, সন্ত্রাসীরা ওই যুবককে আকস্মিক গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।