• ই-পেপার

স্বামী নেই ১০ বছর, তবুও পাচ্ছেন মাতৃত্বকালীন ভাতা!

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রতিবেশী এক চাচার মোটরসাইকেল থেকে সড়কে পড়ে জুনায়েদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নয়নশুকা গুমপাড়া মহল্লার আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পৌনে ৮টার দিকে বাড়ির অদূরে মুদি দোকান থেকে মালামাল কেনার জন্য প্রতিবেশী আব্দুস সবুর নামে এক ব্যক্তির মোটরসাইকেলে ওঠে জুনায়েদ। একপর্যায়ে সে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে বুকে আঘাত পায়। দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে জুনায়েদের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

দামুড়হুদা যাত্রী ছাউনির টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা যাত্রী ছাউনির টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির টয়লেট থেকে ফরিদ হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডে নামেন এবং টয়লেটে প্রবেশ করেন। দীর্ঘক্ষণ পরও তিনি বের না হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টয়লেটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রী ছাউনির টয়লেটের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আটঘরিয়ায় ছাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
আটঘরিয়ায় ছাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আটঘরিয়া থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহাদাত হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং তিনি মো. জব্বার হোসেনের ছেলে। সে দীর্ঘ দিন আকুল স্টোরে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবোত্তর বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের ভবনের ছাদে জমে থাকা পানি নিষ্কাশন করতে যান শাহাদাত। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের তারে ঝুলন্ত অবস্থায় মরদেহ  উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে আসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

কালীগঞ্জে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চাঁদবা গ্রামের জাহিদের চায়ের দোকানের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তাররা হলেন–চাঁদবা গ্রামের মো. সোনাই শেখের ছেলে সবুজ হোসেন (২০), ঈশ্বরবা গ্রামের শুকর আলীর ছেলে মো. বিপ্লব হোসেন (২০) এবং চাঁদবা গ্রামের মো. সেলিম শেখের ছেলে শাকিল আহম্মেদ (২২)।

এ ঘটনায় কালীগঞ্জ থানার এএসআই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কালীগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসা, সেবন ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরো জানান,  গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।